Skip to main content

সূরা আলে-ইমরানের (৪৫-৫১) আয়াতাবলীর তাফসীর, আলোচ্যবিষয়: ঈসা (আ.) এর জীবনী প্রসঙ্গ তার আগমণের সুসংবাদ এবং আল্লাহ প্রদত্ত দশটি বৈশিষ্ট্য।

By দৈনিক তাফসীর No Comments

﴿إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ (45) وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ (46) قَالَتْ رَبِّ أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذَلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ (47) وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ (48) وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (49) وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (50) إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (51)﴾ [سورة آل عمران: 45-51].

আয়াতাবলীর আলোচ্যবিষয়:
ঈসা (আ.) এর জীবনী প্রসঙ্গ তার আগমণের সুসংবাদ এবং আল্লাহ প্রদত্ত দশটি বৈশিষ্ট্য।

আয়াতাবলীর সরল অনুবাদ:
৪৫। (স্বরণ করো) যখন ফেরেশতা বললো: হে মরইয়াম! নিশ্চয় আল্লাহ তাঁর পক্ষ থেকে তোমাকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মাসীহ ঈসা ইবনু মারইয়াম, যিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভূক্ত হবেন।
৪৬। এবং সে কথা বলবে মানুষের সাথে দোলনায় ও পরিণত বয়েসে, আর সে নেক্কারদের অন্তর্ভুক্ত হবে।
৪৭। মারইয়াম (আ.) বললো: হে আমার রব! কিভাবে আমার সন্তান হবে? অথচ আমাকে স্পর্শ করেনি কোন মানুষ। তিনি বললেন: এ ভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি সিদ্ধান্ত নেন কোন বিষয়ের, তখন তিনি শুধু তাকে বলেন: হও, ফলে তা হয়ে যায়।
৪৬। এবং তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত এবং ইনজীল শিক্ষা দিবেন ।
৪৯। সে বনী ইসরাঈলের একজন রাসূল হবে; (সে বলবে) নিশ্চয় আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের আয়াত নিয়ে, নিশ্চয় আমি বানাবো তোমাদের জন্য মাটি থেকে পাখির আকৃতি, অতঃপর তাতে ফুঁক দিবো, ফলে তা আল্লাহর হুকুমে একটি পাখি হয়ে যাবে; আমি সুস্থ করবো জন্মান্ধ ও কুষ্ঠ রুগীকে এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত করবো; আর তোমাদেরকে জানিয়ে দিবো যা তোমরা আহার করো এবং যা তোমাদের ঘরসমূহে জমা করে রাখো; নিশ্চয় এতে রয়েছে নিদর্শন তোমাদের জন্য, যদি তোমরা হয়ে থাকো মুমিন।
৫০। এবং (সে বলবে: আমাকে প্রেরণ করা হয়েছে) সত্যায়নকারীরুপে যা রয়েছে আমার সামনে তাওরাত থেকে; এবং হালাল করতে তোমাদের জন্য কিছু অংশকে যা তোমাদের উপর হারাম করা হয়েছিল; এবং তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি; সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো।
৫১। নিশ্চয় আল্লাহ তায়ালা আমার রব এবং তোমাদের রব, অতএব তোমরা তাঁর ইবাদত করো; এটাই সরল পথ।

আয়াতাবলীর ভাবার্থ:
আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ (সা.) কে উদ্দেশ্য করে বলেছেন: যখন জিবরীল (আ.) মারইয়াম (আ.) কে অলৌকিকভাবে পিতা বিহীন মাসীহ ঈসা ইবনু মারইয়াম (আ.) এর সুসংবাদ দিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ (সা.) তাদের কাছে ছিলেন না। আল্লাহ তায়ালা তাকে দশটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন:
(ক) দুনিয়াতে অহী প্রদান এবং আখেরাতে জান্নাত প্রদানের মাধ্যমে তাকে সম্মানিত করা হবে।
(খ) আখেরাতে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারের অন্তর্ভুক্ত হবেন।
(গ) দোলনায় থাকাবস্থায় তার মায়ের পবিত্রতা ঘোষণার জন্য শিশুকালে মানুষের সাথে কথা বলবেন ও বৃদ্ধাবস্থায় তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিবেন।
(ঘ) কথায় ও কাজে নেক্কার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন।
(ঙ) তিনি পিতা বিহীন মারইয়ামের গর্ভে অলৌকিভাবে সৃষ্টি হয়েছেন, এ অলৌকিক সুসংবাদে আশ্চর্যান্বিত হয়ে মারইয়াম (আ.) বললেন: আমার কিভাবে সন্তান হবে! অথচ আমার স্বামী নেই এবং কোন বেগানা পুরুষ আমাকে কোন দিন স্পর্শ করেনি। অথচ সন্তান হওয়ার জন্য একজন পুরুষের সংস্পর্শে যেতে হয়। তখন জিবরীল (আ.) উত্তর দিলেন: পিতা বিহীন সন্তান দান করা সর্বশক্তিমান আল্লাহর কাছে মোটেই কঠিন বিষয় নয়, এভাবেই তিনি কোন বিষয় করার সিদ্ধান্ত নিলে, শুধু বলেন হও, ফলে সাথে সাথেই তা হয়ে যায়।
(চ) ঈসাকে (আ.) হস্তলিপি, প্রজ্ঞা, তাওরাত এবং ইনজীল শিক্ষা দিয়েছেন।
(ছ) তিনি বনী ইসরাঈলের প্রতি আল্লাহর প্রেরিত একজন রাসূল।
(জ) রিসালাতের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তায়ালা তাকে চারটি মুজেযা দান করেছেন, যেমন: মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁক দিলে জীবন্ত পাখি হওয়া, জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করা, আল্লাহর হকুমে মৃতকে জীবিত করা এবং কারো ঘরে যা খাওয়া হয়েছে ও যা জমা রাখা হয়েছে তা সম্পর্কে সংবাদ দিতে পারা।
(ঝ) তিনি তাওরাতের সত্যায়নকারী।
(ঞ) বনী ইসরাঈলের উপর যা হারাম করা হয়েছিল তার মধ্য থেকে কিছু অংশ হালাল করা। অতঃপর ঈসা (আ.) তার বংশধরদের উদ্দেশ্যে বলেছিলেন: যেই আল্লাহ আমাকে দশটি বৈশিষ্ট্য দিয়ে তোমাদের কাছে পাঠালেন তোমরা তাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ তায়ালা আমার এবং তোমাদের মা’বূদ ও পালনকর্তা, অতএব একমাত্র তারই ইবাদত করো। এটাই সরলসহজ পথ। (তাফসীর আল-মারাগী: ৩/১৫৭, আইসার আল-তাফসীর: ১/৩১৮-৩২০, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৫-৫৬, আল-মোন্তাখাব: ১/৯২-৯৩) ।

আয়াতাবলীর অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿الْمَلَائِكَةُ﴾ “ফেরেশতাগণ”, আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য হলো: জিবরীল (আ.) । জিবরীল (আ.) এর সম্মানের বিবেচনায় শব্দটি বহুবচন ব্যবহার করা হয়েছে; কারণ তিনি ফেরেশতাদের সরদার ছিলেন। এছাড়াও সূরা মারইয়াম এর ১৭ নাম্বার আয়াতে জিবরীল (আ.) এর নাম উল্লেখ করা হয়েছে। (তাফসীর আল-মারাগী: ৩/৫৪) ।
﴿بِكَلِمَةٍ مِنْهُ﴾ “তাঁর পক্ষ থেকে একটি কালেমার”, আয়াতাংশে ‘কালেমা’ আরবী শব্দ, যার অর্থ হলো: শব্দ, এর দ্বারা উদ্দেশ্য হলো: ‘কুন’ বা হও, যার দ্বারা ঈসাকে (আ.) বুঝানো হয়েছে; কারণ তাকে আল্লাহ তায়ালা পিতা বিহীন অলৌকিক ক্ষমতাবলে ‘কুন’ কালেমা দ্বারা সৃষ্টি করা হয়েছে। (তাফসীর গরীব আল-কোরআন, কাওয়ারী: ৩/৪৫) ।
﴿الْمَسِيحُ﴾ “আল-মাসীহ”, শব্দটি আরবী, যার অর্থ হলো: স্পর্শকারী। আল্লাহ তায়ালা ঈসাকে (আ.) এ নামে ভ‚ষিত করেছেন। তবে এ নামে ভ‚ষিত করার কারণ কি? এ ব্যাপারে তাফসীরকারকদের থেকে কয়েকটি মত পাওয়া যায়:
(ক) তিনি কোন রোগীকে স্পর্শ করলে সে আরোগ্য লাভ করবে।
(খ) তিনি বেশী বেশী ভ্রমণ করার কারণে যমীনের বেশীর ভাগ অংশের সংস্পর্শ পেয়েছেন।
(গ) ‘আল-মাসীহ’ এর আরেকটি অর্থ হলো: সুন্দর। ঈসা (আ.) দেখতে সুন্দর ছিলেন, তাই তাকে ‘আল-মাসীহ’ বলা হয়েছে।
কাওয়ারী (র.) বলেন: প্রথম মতটি অধিকতর গ্রহণযোগ্য। (তাফসীর গরীব আল-কোরআন, কাওয়ারী: ৩/৪৫) ।
﴿فِي الْمَهْدِ وَكَهْلًا﴾ “দোলনায় এবং বার্ধক্য অবস্থায়”, সকল তাফসীরকারক একমত যে আয়াতাংশে ‘আল-মাহদ’ বা দোলনা দ্বারা উদ্দেশ্য হলো: নবজাতকের প্রথম দুই বছর, যে সময়ে মায়ের বুকের দুধ পান করে থাকে।
আর ‘কাহল’ শব্দটি আরবী, যার অর্থ হলো: যৌবন এবং শক্তির সমন্বয় ঘটা। যখন উদ্ভিদ প্রবল শক্তি দিয়ে গজিয়ে উঠে তখন আরবরা তাকে ‘কাহল’ বলে থাকেন। আয়াতাংশে ‘কাহল’ দ্বারা উদ্দেশ্য কি? এ ব্যাপারে তাফসীরকারকদের থেকে কয়েকটি মত পাওয়া যায়:
(ক) মানুষের ৩০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়স সীমাকে ‘কাহল’ বলে। (তাফসীর আল-মারাগী: ৩/১৫৩) ।
(খ) মানুষের ৪০ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত সময়কে ‘কাহল’ বলে। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২৯) ।
(গ) মানুষের যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী সময়কে ‘কাহল’ বলে। (আইসার আল-তাফাসীর, জাযায়েরী: ১/৩১৮) ।
(ঘ) হুসাইন ইবনু ফাযল (র.) বলেন: শেষ যমানায় আকাশ থেকে অবতীর্ণ হয়ে ঈসা (আ.) মানুষের সাথে কথা বলবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, ‘কাহল’ দ্বারা এ সময়কে বুঝানো হয়েছে। (তাফসীর আল-তবারী: ৬/৪২০, আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২২৫) ।
তবে তৃতীয় মতটি সঠিক হওয়ার অধিকতর নিকটবর্তী; কারণ ঈসাকে (আ.) ৩৩ বছর বয়েসে আকাশে তুলে নেওয়া হয়েছে। এ হিসেবে তিনি আকাশে উঠে যাওয়ার পূর্বে ‘কাহল’ এর বয়স সীমায় উপনীত হননি। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২২৫) ।
﴿الْكِتَابَ﴾ ‘কিতাব’, দ্বারা উদ্দেশ্য হলো: হস্তলিপি। আল্লাহ তায়ালা ঈসা (আ.) কে হস্তলিপি শিক্ষা দিয়েছিলেন। (তাফসীর আল-তবারী: ৬/৪২২) ।
﴿الْحِكْمَةَ﴾ ‘হিকমাহ’, আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য হলো: ইনজীলের বাহিরে ঈসা (আ.) এর বাণী, যা পান্ডুলিপি আকারে লেখা হয়েছে। (তাফসীর আল-তবারী: ৬/৪২২) ।
﴿وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ﴾ ‘যা তোমরা খেয়ে ফেলো এবং যা তোমাদের ঘরে জমা করে রাখো, সে বিষয়ে আমি সংবাদ দিবো’, আয়াতাংশ দ্বারা কি বুঝানো হয়েছে? এর দ্বারা উদ্দেশ্য হলো: আল্লাহ তায়ালা ঈসা (আ.) এর বংশধরদের উপর আসমানি খাবার অতবীর্ণ করতেন, যা ঘরে না জমিয়ে খেয়ে ফেলার নির্দেশ ছিল। কিন্তু কিছু মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরে ঘরে জমা করে রাখার চেষ্ট করছিল। এ বিষয়টি তদারকি করার জন্য আল্লাহ তায়ালা ঈসা (আ.) কে গায়েব জানার ক্ষমতা দিয়েছিলেন। ফলে, তিনি একজনে কি পরিমাণ খাবার খেয়েছে তা জানার পাশাপাশি কেউ খাবার জমা করে রাখলে তাও তিনি বুঝতে পারতেন। (আল-তাফসীর আল-কাবীর, ফখরুদ্দীন আল-রাযী: ৮/২২৯) ।
﴿وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ﴾ ‘কিছু বিষয়, যা হারাম করা হয়েছিল’, আয়াতাংশে হারাম হওয়া বিষয় দ্বারা উদ্দেশ্য কি? এ সম্পর্কে ইমাম ফখরুদ্দীন আল-রাযী (র.) থেকে দুইটি উত্তর পাওয়া যায়:
(ক) মূসা (আ.) এর মৃত্যুর পর ইহুদী আহবার বা পন্ডিতগণ তাদের ধর্মের সাথে নিজেদের মনগড়া বানোয়াট বিষয় সংযোগ করে মূসা (আ.) এর দিকে নিসবাত করেছিল। ঈসা (আ.) এসে বানোয়াট বিষয়গুলোকে ধর্ম থেকে দুর করেছিলেন। সুতরাং আয়াতাংশে ইহুদী ধর্মে তাদের পন্ডিতদের বানোয়াট বিষয়গুলোকে বুঝানো হয়েছে।
(খ) ইহুদীদের হটকারিতা এবং অপকর্মের শাস্তি স্বরুপ কিছু হালাল বিষয়কে আল্লাহ তায়ালা তাদের উপর হারাম করেছিলেন। ঈসা (আ.) এসে উক্ত হারাম বিষয়সমূহকে পুনরায় হালাল করেছিলেন। সুতরাং আয়াতাংশে শাস্তি স্বরুপ ইহুদীদের উপর হারাম হওয়া বিষয়গুলোকে বুঝানো হয়েছে। (আল-তাফসীর আল-কাবীর, ফখরুদ্দীন আল-রাযী: ৮/২৩১) ।
﴿وَجِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ﴾ ‘এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে কিছু আয়াত নিয়ে এসেছি’, আয়াতাংশে ‘কিছু আয়াত’ দ্বারা ঈসা (আ.) এর প্রতি আল্লাহ প্রদত্ব পাঁচটি মুজিযাকে বুঝানো হয়েছে। (তাফসীর আল-তাবারী: ৬/৪৪০) ।

পূর্বের আয়াতাবলীর সাথে উল্লেখিত আয়াতাবলীর সম্পর্ক:
পূর্বের আয়াতাবলীতে ঈসা (আ.) এর নিকটাত্মীয় যাকারিয়্যা (আ.), ইয়াহইয়া (আ.) এবং ঈসা (আ.) এর মা মারইয়াম (আ.) এর ঘটনা আলোচনা করা হয়েছে। আর উল্লেখিত আয়াতাবলীতে ঈসা (আ.) এর জন্মের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তার জন্মের প্রকৃত ঘটনা বর্ণনা করা হয়েছে। সুতরাং উল্লেখিত আয়াতাবলীর সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক স্পষ্ট। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২৩০) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহর কাছে মারয়াম (আ.) এর মর্যাদা তুলে ধরা হয়েছে। যেহেতু ফেরেশতা জিবরীল (আ.) মানুষের আকৃতিতে তার কাছে এসে ঈসা (আ.) এর সুসংবাদ দিয়েছেন (আইসার আল-তাফাসীর: ১/৩১৮) । এ সম্পর্কে সূরা মারয়াম এ বলা হয়েছে:
﴿فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا﴾ [سورة مريم: ১৭).
অর্থাৎ: “আমি তার কাছে জিবরীলকে পাঠালাম, সে পুরোপুরি একজন মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করলো” (সূরা মারইয়াম: ১৭) ।
২। সাতচল্লিশ নাম্বার আয়াত থেকে তিনটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) অস্পষ্ট কোন বিষয়ের হাক্বীকত বা হেকমাত বুঝার জন্যে ব্যাখ্যা তলব করা জায়েজ আছে। কারণ অত্র আয়াতে দেখতে পাই মারইয়াম (আ.) যখন পুরুষ মানুষের সংস্পর্শ ছাড়া সন্তান হওয়ার বিষয়টি বুঝতে পারলেন না, তখন তিনি ব্যাখ্যা চেয়েছেন। অনুরুপভাবে অত্র সূরার চল্লিশ নাম্বার আয়াতে যাকারিয়া (আ.) যখন বৃদ্ধ বয়েসে বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান হওয়ার সুসংবাদের বিষয়টি বুঝতে পারছিলেন না, তখন তিনি আল্লাহর কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। (আইসার আল-তাফাসীর: ১/৩১৮) ।
(খ) ঈসা (আ.) এর আগমণের সুসংবাদকে ‘সৃষ্টি করা’ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে; কারণ ঈসার (আ.) জন্ম গ্রহণ পিতাবিহীন সাধারণ নিয়মের বিপরীত বিস্ময়করভাবে সংগঠিত হয়েছিল। অপরদিকে চল্লিশ নাম্বার আয়াতে ইয়াহইয়ার (আ.) আগমণের সুসংবাদকে ‘করা’ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে; কারণ ইয়াহইয়ার (আ.) জন্ম গ্রহণ স্বাভাবিক নিয়মে সংগঠিত হয়েছিল। (আল-বাহ্র আল-মুহীত, আবু হাইয়্যান: ৩/১৫৮) ।
(গ) আল্লাহ তায়ালা নিজ ইচ্ছায় কোন কিছু করতে চাইলে যা চান তা তৎক্ষণাৎ করে ফেলেন। (তাফসীর আল-তাবারী: ৬/৪২১) । এর মাধ্যমে আল্লাহ তায়ালার অসীম ক্ষমতার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
৩। পঁয়তল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার আয়াতে ঈসার (আ.) দশটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে:
(ক) দুনিয়াতে অহী প্রদান এবং আখেরাতে জান্নাত দানের মাধ্যমে তাকে সম্মানিত করা হবে।
(খ) আখেরাতে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারের অন্তর্ভুক্ত হবেন।
(গ) দোলনায় থাকাবস্থায় তার মায়ের পবিত্রতা ঘোষণার জন্য শিশুকালে মানুষের সাথে কথা বলেছেন ও বৃদ্ধাবস্থায় পুনরায় ফিরে এসে তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিবেন।
(ঘ) কথায় ও কাজে নেক্কার বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
(ঙ) তিনি পিতা বিহীন মারইয়ামের গর্ভে অলৌকিভাবে সৃষ্টি হয়েছেন।
(চ) তাকে হস্তলিপি, প্রজ্ঞা, তাওরাত এবং ইনজীল শিক্ষা দেওয়া হয়েছে।
(ছ) তিনি বনী ইসরাঈলের প্রতি আল্লাহর প্রেরিত একজন রাসূল ছিলেন।
(জ) রিসালাতের সত্যতা প্রমাণের জন্য তাকে চারটি মুজেযা প্রদান করা হয়েছে।
(ঝ) তিনি তাওরাতের সত্যায়নকারী ছিলেন।
(ঞ) বনী ইসরাঈলের উপর যা হারাম করা হয়েছিল তার মধ্য থেকে কিছু অংশ তিনি হালাল করেছেন।
৪। উনপঞ্চাশ নাম্বার আয়াতে ঈসার (আ.) প্রতি চারটি মুজেযা বর্ণনা করা হয়েছে:
(ক) মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফ‚ঁক দিলে জীবন্ত পাখি হওয়া।
(খ) জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করা।
(গ) আল্লাহর হকুমে মৃতকে জীবিত করা।
(ঘ) কারো ঘরে যা খাওয়া হয়েছে ও যা জমা রাখা হয়েছে তা সম্পর্কে সংবাদ দিতে পারা। (আল্লাহই ভালো জানেন) ।
৫। পঞ্চাশ নাম্বার আয়াতের শেষাংশ থেকে পরিলক্ষিত হয় যে,
(ক) বনী ইসরাঈল যুগ যুগ ধরে শিরক, বিদয়াত ও কুসংস্কারের মধ্যে নিমজ্জিত থাকায় তা থেকে বেড়িয়ে আসা তাদের জন্য মোটেই সহজ ছিলো না। এজন্য আল্লাহ তায়ালা মু’জেযার কথা পুনরাবৃত্তি করেছেন, যাতে তার কথাগুলো তাদের অন্তরে গেথে যায় এবং তাদের চরিত্রকে প্রভাবিত করে।
(খ) আল্লাহর ভয় তাঁর রাসূলের অনুসরণকে আবশ্যক করে। এজন্য ঈসা (আ.) তার বংশধরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোমরা যদি আল্লাহকে সত্যিকারে ভয় করে থাকো, তাহলে আমি যা আদেশ দিচ্ছি, তা অনুসরণ করা তোমাদের উপর আবশ্যক। (আল-তাফসীর আল-কাবীর, ফখরুদ্দীন আল-রাযী: ৮/২৩১) ।
৬। একান্ন নাম্বার আয়াত থেকে বুঝা যায় যে,
(ক) ‘তাওহীদ রুবুবিয়্যাহ’ পরিপূর্ণভাবে মেনে নেওয়া ‘তাওহীদ উলুহিয়্যাহ’ মেনে নেওয়াকে আবশ্যক করে। কাফির-মুশরিকরা ‘তাওহীদ রুবুবিয়্যাহ’ কে আংশিক মানার কারণে ‘তাওহীদ উলুহিয়্যাহ’ কে অস্বীকার করে থাকে।
(খ) একান্তভাবে আল্লাহর ইবাদত করাই হলো ‘সিরাতুল মুসতাকীম’। (আল-তাফসীর আল-কাবীর, ফখরুদ্দীন আল-রাযী: ৮/২৩১) ।

আয়াতাবলীর আমল:
(ক) দ্বীনের সাথে সংশ্লিষ্ট কোন বিষয়ের হাক্বীকত বা হেকমাত বুঝার জন্যে ব্যাখ্যা তলব করা।
(খ) আল্লাহকে ভয় এবং রাসূল (সা.) কে অনুসরণ করা।

সূরা আলে-ইমরানের (৪২-৪৪) আয়াতবলীর তাফসীর, আলোচ্যবিষয়: মারইয়াম (আ.) এর কাহিনী।

By দৈনিক তাফসীর 2 Comments

﴿وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ (42) يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ (43) ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ (44) ﴾ [سورة آل عمران: 42-44].

 

আয়াতাবলীর আলোচ্যবিষয়: মারইয়াম (আ.) এর কাহিনী।

আয়াতাবলীর সরল অনুবাদ:
৪২। আর স্মরণ করো যখন ফেরেশতারা বললো: হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্বের নারীদের উপর।
৪৩। হে মারইয়াম! তোমার রবের জন্য অনুগত হও, সাজদা করো এবং রুক‚ করো রুক‚কারীদের সাথে।
৪৪। ঐটা গায়েবের সংবাদ, যা আমি অহী করছি তোমার প্রতি; তাদের মধ্যে কে দায়িত্ব নিবে মারইয়ামের? তা নির্ধারণের জন্য যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল, তখন তুমি তাদের কাছে ছিলে না; আর যখন তারা বিতর্ক করছিল, তখনও তুমি তাদের নিকট ছিলে না।

আয়াতাবলীর ভাবার্থ:
নাজরান থেকে আগত খৃষ্টান, যারা ঈসা (আ.) কে আল্লাহর পুত্র সাব্যস্ত করতে রাসূলুল্লাহর (সা.) সাথে তর্ক করেছিল, তাদেরকে ঈসা (আ.) এর মূল হাক্বীকাত স্মরণ করিয়ে দিতে আল্লাহ তায়ালা তাঁর রাসূলকে (সা.) নির্দেশ দিয়ে বলেন: তাদেরকে সে ঘটনা স্মরণ করিয়ে দাও, যখন একজন ফেরেশতা ঈসা (আ.) এর মা মারইয়ামকে উদ্দেশ্য করে বললেন: আল্লাহ তায়ালা তাকে মাসজিদুল আক্বসার খেদমতের জন্য মনোনীত করেছেন, সকল ধরণের পাপ পঙ্কিলতা থেকে তাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের সকল নারীর উপর ঈসা (আ.) এর মা হিসেবে তাকে নির্বাচিত করেছেন।
অতঃপর ফেরেশতা মারইয়াম (আ.) কে তিনটি বিষয়ের নির্দেশ দিয়েছেন:
(ক) সে যেন আল্লাহর অনুগত হয়।
(খ) আল্লাহ তায়ালাকে যেন বিন¤্র সাজদা করে। এবং
(গ) সে যেন জামাতের সাথে সালাত আদায় করে।
ইমরান পরিবারের ঘটনা এবং যাকারিয়্যা (আ.), ইয়াহইয়া (আ.) ও মারইয়াম (আ.) এর ঘটনা, যা ইতোপূর্বে বর্ণনা করা হলো, সবগুলোই অদৃশ্য জগতের ঘটনা, যা আল্লাহ তায়ালা অহীর মাধ্যমে রাসূলুল্লাহকে (সা.) জানিয়ে দিয়েছেন। এছাড়াও মারইয়াম (আ.) এর তত্বাবধায়ক নির্ধারণ করতে যা ঘটেছিল সেখানেও রাসূলুল্লাহ (সা.) উপস্থিত ছিলেন না। মারইয়াম (আ.) এর জন্মের পর তার তত্বাবধায়নের দায়িত্ব গ্রহণের জন্য অনেকে ভিড় জমিয়েছিলেন। তাদের মধ্য থেকে একজনকে মনোনীত করার জন্য লটারীর ব্যবস্থা করা হয়েছিল। আগ্রহী সকলে নদীতে কলম নিক্ষেপ করবে, যার কলম ভাষমান অবস্থায় স্থির থাকবে সেই হবে মারইয়াম (আ.) এর তত্বাবধায়ক। এতে দেখা গেল যাকারিয়্যা (আ.) এর কলমটি নদীতে স্থির থাকলো আর অন্য সকলের কলম ডুবে গেল। কথা অনুযায়ী যাকারিয়্যা (আ.) মারইয়ামের তত্বাবধানের দায়িত্ব গ্রহণ করলেন। (তাফসীর আল-মারাগী: ১৫১, আইসার আল-তাফসীর: ১/৩১৫-৩১৬, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৫, আল-মোন্তাখাব: ১/৯১-৯২) ।

আয়াতাবলীর অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿الْمَلَائِكَةُ﴾ “ফেরেশতাগণ”, আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য হলো: জিবরীল (আ.) । (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৭/২১৭; তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২৩) ।
﴿اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ﴾ “তোমাকে মনোনীত করেছেন… এবং তোমাকে মনোনীত করেছেন”, আয়াতাংশে ‘তোমাকে মনোনীত করেছেন’ বাক্যাংশটি দুইবার এসেছে। প্রথম ‘মনোনীত করা’ দ্বারা উদ্দেশ্য হলো: মারইয়ামকে মাসজিদুল আক্বসার খেদমতের জন্য মনোনীত করেছেন। আর দ্বিতীয় ‘মনোনিত করা’ দ্বারা উদ্দেশ্য হলো: তাকে ঈসা (আ.) এর মা হিসেবে নির্বাচিত করেছেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২৩) ।
﴿وَطَهَّرَكِ﴾ “তোমাকে পবিত্র করেছেন”, আল্লাহ তায়ালা ‘মারইয়াম’ (আ.) কে কি থেকে পবিত্র করেছেন? এ বিষয়ে তাফসীরকারকদের থেকে কয়েকটি মত পাওয়া যায়:
(ক) তাকে কুফর এবং আল্লাহর অবাধ্যতা থেকে পবিত্র রাখা হয়েছে।
(খ) তাকে খারাপ এবং কুরুচিপূর্ণ কাজ থেকে পবিত্র রাখা হয়েছে।
(গ) তাকে হায়েজ থেকে পবিত্র রাখা হয়েছে।
(ঘ) মানুষের সংস্পর্শ থেকে তাকে পবিত্র রাখা হয়েছে।
(ঙ) ইহুদীদের বেফাঁস কথাবার্তা থেকে আল্লাহ তাকে পবিত্র রেখেছেন। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৭/২১৮) । তবে উল্লেখিত সবগুলো বিষয় থেকে মারইয়াম (আ.) কে পবিত্র রাখা হয়েছে, আয়াত দ্বারা এ উদ্দেশ্য গ্রহণ করাতে কোন বাধা নেই; কারণ আল্লাহ তায়ালা বিশেষ কোন একটিকে খাস করেননি, বরং সবগুলো মত গ্রহণ করার পথ উম্মুক্ত রেখেছেন। (আল্লাহই ভালো জানেন) ।
﴿وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ﴾ “এবং তুমি রুক‚কারীদের সাথে রুক‚ করো”, আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য হলো: মাসজিদুল আক্বসা এর প্রতিবেশীদের সাথে জামায়াতে সালাত আদায় করা। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২১৯) ।
﴿ذَلِكَ﴾ “ঐটা”, আয়াতাংশ দ্বারা পূর্বোল্লেখিত ইমরান পরিবার, যাকারিয়্যা, ইয়াহইয়া এবং মারইয়াম (আ.) এর ঘটনাকে বুঝানো হয়েছে। (তাফসীর আল-নাসাফী, ১/২৫৫) ।
﴿أَقْلَامَهُمْ﴾ “তাদের কলমসমূহ”, আয়াতাংশে কলমসমূহ দ্বারা উদ্দেশ্য কি? এ ব্যাপারে তাফসীরকারক থেকে কয়েকটি মত পাওয়া যায়:
(ক) অধিকাংশ তাফসীরকারকের মতে, তাদের প্রত্যেকের তাওরাত লেখা অথবা ব্যক্তিগত কাজে ব্যবহ্যত কলমকে বুঝানো হয়েছে। যখন মারইয়াম (আ.) কে তত্বাবধানের দায়িত্ব নেওয়ার আগ্রহীদের সংখ্যা বেড়ে গেল, তখন লটারীর মাধ্যমে তত্বাবধায়ক মনোনীত করার উদ্দেশ্যে তাদের প্রত্যেকের কলম নদীতে নিক্ষেপ করতে বলা হলো। যার কলম ভাষমান অবস্থায় স্থির থাকবে অথবা জোয়ারের উল্টা দিকে যাবে সে তত্বাবধায়ক হিসেবে নির্বাচিত হবে। এতে যাকরিয়্যা (আ.) বিজয়ী হয়েছিলেন।
(খ) ইমাম রবী (র.) বলেন: তাদের প্রত্যেকের ব্যবহত হাতের লাঠিকে বুঝানো হয়েছে।
(গ) তৎকালীন আরবের প্রথানুযায়ী আগ্রহী সকলের নাম কাগজে লিখে এক জায়গায় রাখা হলো। যার নাম উঠবে সেই তত্বাবধায়ক হিসেবে নির্বাচিত হবে। আর আরবী ভাষায় ‘কলম’ এর আরেকটি অর্থ হলো: ছাঁটাই করা। এর মাধ্যমে যেহেতু ছাঁটাই করা হয়েছে, সেহেতু একে ‘কলম’ বলা হয়েছে। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২১৯-২২০) ।

পূর্বের আয়াতাবলীর সাথে উল্লেখিত আয়াতাবলীর সম্পর্ক:
পূর্বের আয়াতাবলীতে যাকারিয়্যা (আ.) এর বৃদ্ধ বয়েসে তার বন্ধা স্ত্রীর ঔরসে ‘ইয়াহইয়া’ (আ.) এর আগমণের সুসংবাদ প্রদান করা হয়েছে, যা একটি অলৌকিক ঘটনা ছিল। মারইয়াম (আ.) এর গর্ভে পিতা বিহীন ‘ঈসা’ এর আগমণের সুসংবাদ আরেকটি অলৌকিক ঘটনা, যা উল্লেখিত আয়াতাবলীতে বর্ণনা করা হয়েছে। সুতরাং উভয় আয়াতের মধ্যে সম্পর্ক স্পষ্ট। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২৪) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে পরিলক্ষিত হয় যে, আল্লাহ তায়ালা মারইয়াম (আ.) কে তিনটি বিষয় প্রদানের মাধ্যমে সকল নারীর উপর মনোনীত করে সম্মানিত করেছেন:
(ক) তাকে মাসজিদুল আক্বসার খেদমতের জন্য মনোনীত করেছেন।
(খ) তাকে কুফর, খারাপ কাজ, হায়েজ, সাধারণ মানুষের সংস্পর্শ এবং ইহুদীদের বেফাঁস কথাবার্তা থেকে পবিত্র রেখেছেন।
(গ) তাকে ঈসা (আ.) এর মা হিসেবে নির্বাচিত করেছেন।
সহীহ হাদীস থেকে জানা যায় আল্লাহ তায়ালা চার জন নারীকে বিশ্বের সকল নারীর উপর মর্যাদা দিয়েছেন। মারইয়াম বিনতু ইমরান, আসিয়া ফেরআউনের স্ত্রী, খাদীজা বিনতু খুয়াইলিদ এবং ফাতেমা বিনতু মোহাম্মদ।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-: “خَيْرُ نِسَاءِ الْعَالَمِينَ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ بِنْتُ مُزَاحِمٍ، وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ عَلَيْهِ السَّلَامُ” (صحيح ابن حبان: ৬৯৫১).
অর্থাৎ: আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন: বিশ্বজগতে শ্রেষ্ঠ নারীগণ হলেন: মারইয়াম বিনতু ইমরান, আসিয়া বিনতু মুযাহিম, খাদীজা বিনতু খুয়াইলেদ এবং ফাতিমা বিনতু মাহমূদ” (সহীহ ইবনু হিব্বান: ৬৯৫১) । শায়খ আলবানী (রহ.) অত্র হাদীসকে ‘সহীহ লিগাইরিহ’ বলেছেন।
২। তিতাল্লিশ নাম্বার হাদীস থেকে বুঝা যায় মারইয়াম (আ.) কে আল্লাহ তায়ালা সকল নারীর উপর মনোনীত করেছেন, তা ঠিক রাখার জন্য তাকে তিনটি বিষয় পালন করতে নির্দেশ দিয়েছেন: (ক) আল্লাহর আনুগত, (খ) সাজদা করা এবং (গ) জামায়াতে সালাত আদায় করা। এজন্য কারো জীবনে ভালো কিছু অর্জন হলে তার উপর উল্লেখিত তিনটি কাজ করা জরুরী। মারইয়াম (আ.) আল্লাহর অনুগত ছিলেন, এ ব্যাপারে সূরা তাহরীম এর ২২ নাম্বার আয়াতে বলা হয়েছে:
﴿وَصَدَّقَتْ بِكَلِماتِ رَبِّها وَكُتُبِهِ، وَكانَتْ مِنَ الْقانِتِينَ﴾ [التحريم: ১২].
অর্থাৎ: “এবং তিনি তার রবের কালেমা এবং তাঁর কিতাবকে সত্যায়ন করে, আর তিনি অনুগতদের অন্তর্ভূক্ত ছিলেন” (সূরা তাহরীম: ১২) ।
৩। চৌচল্লিশ নাম্বার আয়াত থেকে কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) ইমরান পরিবার, যাকারিয়্যা, ইয়াহইয়া, মারইয়াম এবং ঈসা (আ.) এর ঘটনা সহ সকল নবী-রাসূলের ইতিহাস অদৃশ্যের সংবাদ। এ আয়াত কোরআন আল্লাহর অহী হওয়ার সত্যতার প্রমাণ বহণ করে। এখানে যেমন ইমরান, যাকারিয়্যা, ইয়াহইয়া, মারইয়াম এবং ঈসা এর ঘটনা বর্ণনার পর রাসূলুল্লাহকে (সা.) উদ্দেশ্য করে বলেছেন এগুলো অদৃশ্যের সংবাদ, অনুরুপভাবে কোরআনের অন্য জায়গাতে নূহ ও মূসা (আ.) এর ঘটনা বর্ণনার পর আল্লাহ তায়ালা একই কথা বলতে দেখা যায়। যেমন:
﴿تِلْكَ مِنْ أَنْباءِ الْغَيْبِ نُوحِيها إِلَيْكَ، ما كُنْتَ تَعْلَمُها أَنْتَ وَلا قَوْمُكَ مِنْ قَبْلِ هذا﴾ [سورة هود: ৪৯] অর্থাৎ: “হে নবী! ঐটা গায়েবের সংবাদ, যা আমি তোমাকে অহীর মাধ্যমে অবহিত করিয়েছি, ইতিপূর্বে যা তুমি এবং তোমার কাওম জানতে না” (সূরা হূদ: ৪৯) ।
﴿وَما كُنْتَ بِجانِبِ الْغَرْبِيِّ إِذْ قَضَيْنا إِلى مُوسَى الْأَمْرَ﴾ [سورة القصص: ৪৪].
অর্থাৎ: হে নবী! মূসাকে যখন আমি নবুয়াত দিয়েছিলাম, তখন তুমি ত‚র পাহাড়ের পশ্চিম পাশে তুমি উপস্থিত ছিলে না” (সূরা ক্বাছাছ: ৪৪) ।
(খ) মারইয়াম (আ.) এর জন্মের পর তার লালন-পালনের জন্য তত্বাবধায়ন নির্ধারণের ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে। বিস্তারিত ঘটনা হলো: ইমরান (রা.) এর স্ত্রী ‘হান্না বিনতু ফাক‚জ’ তার গর্ভের সন্তানকে মাসজিদুল আক্বসার খেদমতের জন্য মানত করার পর সন্তানটি দুনিয়াতে আগমণ করলো তার নাম রাখা হলো মারইয়াম। আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই তার লালন-পালনের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু একজনের তত্বাবধায়নের দায়িত্ব এতগুলো মানুষকে প্রদান করা সম্ভব না হওয়ার কারণে লটারীর মাধ্যমে যে কোন একজনকে তত্বাবধায়ক হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সকলকে ব্যক্তিগত ব্যবহত কলম নিয়ে নদীর পারে আসার জন্য আহবান করা হলো। সকলে তাদের নিজ নিজ কলম নদীর ¯্রােতে নিক্ষেপ করবে, যার কলম ¯্রােতের উল্টা দিকে যাবে সেই হবে মারইয়ামের তত্ববধায়ক। ঘোষণা অনুযায়ী সকলে নদীতে তাদের কলম নিক্ষেপ করলো, সকলের কলম ¯্রােতে ভেসে গেল, কিন্তু মারইয়াম (আ.) এর খালা যাকারিয়া (আ.) এর কলমটি ¯্রােতের উল্টা দিকে যাচ্ছিল। অবশেষে যাকারিয়্যা (আ.) লটারীতে জিতে তার তত্বাবধায়নের দায়িত্ব গ্রহণ করেছিলেন। (তাফসীর আল-কুরতুবী: ৪/৮৬) ।
(গ) জরুরী প্রয়োজনে ইসলামী শরীয়াতে ক্বোরয়া বা লটারী ব্যবস্থাকে বৈধ রাখা হয়েছে। কারণ, উল্লেখিত আয়াতে তত্বাবধায়ক নির্ধারণের জন্য লটারী করা হয়েছে। সূরা সাফ্ফাত এর ১৪১ নাম্বার আয়াতে দেখতে পাই ইউনুস (আ.) কে জাহাজ থেকে সমূদ্রে ফেলে দেওয়ার সময় পলায়নকারীকে বের করার জন্য ক্বোরয়া বা লটারী দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ (সা.) কোথাও সফর করলে সফরসঙ্গী নির্ধারণের জন্য তার স্ত্রীদের মাঝে লটারী করতেন (সহীহ আল-বুখারী: ২৫৯৩)। একদল লোককে রাসূলুল্লাহ (সা.) হলফ করতে বললে সকলে তাড়াহুড়া করলে ধারাবাহিকতা রক্ষা করার জন্য তিনি লটারী করার নির্দেশ দিলেন (সহীহ আল-বুখারী: ২৬৭৪)।
৪। কোরআন কারীমে কোন মেয়ে মানুষের নাম উল্লেখ করা হয়নি। তবে খৃষ্টানদের ভ্রান্ত দাবী “মারইয়াম (আ.) আল্লাহর স্ত্রী এবং ঈসা (আ.) তাঁর পুত্র” খন্ডন করার জন্য মারইয়াম (আ.) এর নাম ৩২ বার উল্লেখ করা হয়েছে। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২৭) ।

আয়াতাবলীর আমল:
(ক) কারো জীবনে ভালো কিছু অর্জন হলে তার উপর তিনটি কাজ করা জরুরী: (ক) আল্লাহর আনুগত হওয়া, (খ) সাজদা করা এবং (গ) জামায়াতে সালাত আদায় করা।
(খ) গুরুত্বপূর্ণ কোন কাজের দায়িত্বশীল নির্বাচন করতে একাধিক ব্যক্তিকে সমান যোগ্যতা সম্পন্ন মনে হলে অথবা কোন প্রতিযোগিতায় একাধিক প্রতিযোগী সমান অবস্থানে থাকলে ক্বোরআ বা লটারীর মাধ্যমে স্থান নির্ধারণ করা।

সূরা আলে-ইমরানের (৩৮-৪১) আয়াতাবলীর তাফসীর, আয়াতাবলীর আলোচ্যবিষয়: যাকারিয়্যা এবং ইয়াহইয়া (আ.) এর কাহিনী।

By দৈনিক তাফসীর No Comments

﴿هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38) فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِنَ الصَّالِحِينَ (39) قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ قَالَ كَذَلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ (40) قَالَ رَبِّ اجْعَلْ لِي آيَةً قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ (41)﴾ [سورة آل عمران: 38-41].

 

আয়াতাবলীর আলোচ্যবিষয়: যাকারিয়্যা এবং ইয়াহইয়া (আ.) এর কাহিনী।

আয়াতাবলীর সরল অনুবাদ:
৩৮। সেখানে যাকারিয়্যা তার রবের কাছে দোয়া করে বলেছিল: হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম বংশধর দান করুন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী।
৩৯। অতঃপর ফেরেশতারা তাকে তার মেহরাবে সালাতে দাড়ানো অবস্থায় ডেকে বললো: নিশ্চয় আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যে ঈসার সত্যায়নকারী, নেতা, নারী সম্ভোগমুক্ত এবং একজন নবী নেককারদের মধ্য থেকে।
৪০। সে বললো: হে আমার রব! কিভাবে আমার পুত্র হবে? অথচ আমার কাছে পৌছেছে বার্ধক্য, আর আমার স্ত্রী বন্ধা; তিনি বললেন: এভাবেই আল্লাহ যা চান তাই করেন।
৪১। সে বললো: হে আমার রব! আমাকে একটি নিদর্শন দেন, তিনি বললেন: তোমার নিদর্শন হলো: তুমি মানুষের সাথে তিন দিন পর্যন্ত ইশারা ব্যতীত কথা বলতে সক্ষম হবে না; আর স্মরণ করো তোমার রবকে অধিক পরিমাণে এবং তাসবীহ পড়ো সন্ধায় ও সকালে।

আয়াতাবলীর ভাবার্থ:
মারইয়াম (আ.) এর কাছে বিভিন্ন ধরণের নেয়ামত দেখে বৃদ্ধ বয়েসে যাকারিয়্যা (আ.) এর মনে একজন সৎ সন্তানের বাসনা জাগলে তিনি আল্লাহর কাছে এ বলে দোয়া করলেন: হে আমার রব! আপনি আমাকে উত্তম বংশধর দান করুন। আপনি সবকিছুর উপর ক্ষমতাবান এবং দোয়া শ্রবণকারী।
অতঃপর আল্লাহ তায়ালা তার দোয়া কবুলের সুসংবাদ নিয়ে জিবরীল (আ.) কে পাঠালেন। যাকারিয়্যা (আ.) মেহরাবে সালাত অবস্থায় দাড়িয়ে দোয়া করতেছেন, এমন সময় ফেরেশতা তাকে ডেকে বললেন: আল্লাহ তায়ালা আপনাকে ইয়াহইয়া নামক একজন সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যিনি ঈসা (আ.) এর সত্যায়নকারী, মানুষের উপর নেতৃত্ব দানকারী, জিতেন্দ্রিয় এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী।
মারইয়াম (আ.) এর কাছে নেয়ামত দেখে এতক্ষণ যাকারিয়া (আ.) আবেগাপ্লুত হয়ে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করছিলেন। অতঃপর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, তখন তিনি ফেরেশতার কাছে জানতে চাইলেন, কিভাবে তার সন্তান হবে? অথচ সে নিজে বার্ধক্যে উপনীত হয়েছে এবং তার স্ত্রী বন্ধা, যার কোন সন্তান হয় না। তখন ফেরেশতা উত্তরে বললেন: এভাবেই তিনি কোন রকম কারণ ছাড়াই যা ইচ্ছা তাই করতে পারেন।
অতঃপর যাকরিয়্যা (আ.) তার সন্তান হবে তার নিশ্চয়তা বিধানে আল্লাহর কাছে কিছু নিদর্শন চেয়ে দোয়া করলে আল্লাহ তায়ালা তাকে তিনটি কাজ দিলেন: (ক) তিন দিন পর্যন্ত কারো সাথে ইশারা ছাড়া কথা না বলা, (খ) এ সময়ে অধিক পরিমাণ আল্লাহর যিকির করা এবং (গ) সকাল-সন্ধা তাসবীহ পাঠ করা। (তাফসীর আল-মারাগী: ১৪৮-১৪৯, আইসার আল-তাফসীর: ১/৩১৩, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৫, আল-মোন্তাখাব: ১/৯১) ।

আয়াতাবলীর অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿ذُرِّيَّةً﴾ “বংশধর”, আয়াতাংশে ‘বংশধর’ দ্বারা দুইটি উদ্দেশ্য হতে পারে:
(ক) অনেক সন্তানসন্তুতি, যে অর্থের জন্য শব্দটি গঠিত হয়েছে। (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩১৩) ।
(খ) একজন সন্তানকে বুঝানো হয়েছে। আর তিনি হলেন ‘ইয়াহইয়া’ (আ.)। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: (৩/২১৭) ।
﴿الْمَلَائِكَةُ﴾ “ফেরেশতা”, আয়াতাংশে ‘ফেরেশতা’ দ্বারা উদ্দেশ্য হলো: জিবরীল (আ.)। সম্মান প্রদর্শনের জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে; কারণ তিনি ফেরেশতাদের প্রধান ছিলেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: (৩/২১৭) ।
﴿بِكَلِمَةٍ مِنَ اللَّهِ﴾ “আল্লাহর কালেমার”, আয়াতাংশে ‘আল্লাহর কালেমা’ দ্বারা ‘ঈসা’ (আ.) কে বুঝানো হয়েছে; কারণ তাকে ‘কুন’ বা (হও) কালেমা দ্বারা সৃষ্টি করা হয়েছে। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: (৩/২১৭) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। আটত্রিশ নাম্বার আয়াত থেকে তিনটি বিষয় বুঝা যায়:
(ক) আল্লাহর কাছে সৎ সন্তান প্রার্থণা করা ইসলামে বৈধ, এটা নবী-রাসূলদের সুন্নাত। যেমন: উল্লেখিত আয়াতে যাকারিয়্যা (আ.) বৃদ্ধ বয়েসে আল্লাহর কাছে সৎ সন্তান প্রার্থণা করেছিলেন। এছাড়াও ইব্রাহীম (আ.) বৃদ্ধ বয়েসে আল্লাহর কাছে সন্তান প্রার্থণা করে ইসমাঈল ও ইসহাক (আ.) কে লাভ করেছিলেন। যারা নিজেদের জন্য সৎ সন্তান কামনা করে আল্লাহ তাদেরকে নিজের যোগ্য বান্দা বলে ঘোষণা দিয়েছেন:
﴿وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا﴾ [سورة الفرقان: ৭৪].
অর্থাৎ: “এবং যারা বলে: হে আমাদের রব! তুমি আমাদের স্ত্রী ও সন্তানসন্তুতিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো, উপরন্তু তুমি আমাদেরকে মোত্তাক্বীদের ইমাম বানিয়ে দাও” (সূরা ফুরক্বান: ৭৪) ।
রাসূলুল্লাহ (সা.) অসংখ্য হাদীসে তার উম্মতকে বেশী সন্তান গ্রহণের প্রতি উৎসাহিত করেছেন, এর মধ্যে অন্যতম একটি হাদীস হলো:
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَمَنْصِبٍ، إِلَّا أَنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا؟ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَنَهَاهُ، فَقَالَ: “تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ” (سنن النسائي: ৩২২৭).
অর্থাৎ: মাক্বাল ইবনু ইয়াসার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে জিজ্ঞাসা করলেন আমি একজন উচ্চ বংশীয় ও সম্পদশালী নারীর সন্ধান পেয়েছি, তবে সে বন্ধা। আমি কি তাকে বিবাহ করতে পারি? অতঃপর রাসূলুল্লাহ (সা.) তাকে বিবাহ করতে নিষেধ করলেন। অতঃপর দ্বিতীয় আরেকজন নারীকে বিবাহের অনুমতি চাইলে তাকেও বিবাহ করতে নিষেধ করলেন। অতঃপর তৃতীয় আরেকজন নারীকে বিবাহের অনুমতি চাইলে তাকেও বিবাহ করতে নিষেধ করলেন। অবশেষে রাসূলুল্লাহ (সা.) বললেন: “তোমরা প্রেমময়ী এবং বেশী সন্তান ধারিণী নারীকে বিবাহ করো, নিশ্চয় আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে সংখ্যাধিক্য হতে চাই”। (সুনান আল-নাসায়ী: ৩২২৭) ।
(খ) দোয়ার সময় আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামের অসিলা দেওয়া। পূর্বের আয়াতে হান্না বিনতু ফাক‚দ (র.) তার দোয়ায় আল্লাহর দুইটি গুণবাচক নাম ‘সামী’ এবং ‘আলীম’ এর অসীলা করেছিলেন। অত্র আয়াতে যাকারিয়্যা (আ.) ও সৎ সন্তানের জন্য দোয়া করার সময় আল্লাহর গুণবাচক নাম ‘সামী’ এর অসীলা দিয়েছেন। একই নির্দেশ আল্লাহ তায়ালা সূরা আরাফ এর ১৮০ নাম্বার আয়াতে দিয়েছেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২১২-২১৩) ।
(গ) অন্যের কাছে কোন ভালো কিছু দেখে আকৃষ্ট হয়ে তার ধ্বংস কামনা ব্যতিরেকে একই বস্তু আল্লাহর কাছে কামনা করা জায়েজ। এটাকে ‘গিবতাহ’ বলা হয়। আয়াতে দেখতে পাই যাকারিয়্যা (আ.) ‘মারইয়াম’ (আ.) এর কাছে আল্লাহর নেয়ামত দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে অনুরুপ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূলুল্লাহ (সা.) নিজেও ‘গিবতাহ’ কে জায়েজ রেখেছেন। যেমন: একটি হাদীসে দেখতে পাই:
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَقُولُ: “لاَ حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٍ آتَاهُ اللَّهُ مَالًا، فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الحَقِّ، وَرَجُلٍ آتَاهُ اللَّهُ حِكْمَةً، فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا” (رواه البخاري: ৭৩).
অর্থাৎ: “আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি “কেবল মাত্র দুই শ্রেণীর মানুষের প্রতি ঈর্ষা রাখা যেতে পারে: একজন এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ন্যায় পথে তা ব্যয় করার মতো ক্ষমতাবান করেছেন। অপরজন এমন ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন আর তিনি সে অনুযায়ী ফয়সালা দেন ও অন্যকে তা শিক্ষা দেন” (সহীহ আল-মুসলিম: ৭৩) ।
ইবনু হাজার আসক্বালানী (র.) অত্র হাদীসের ব্যাখ্যায় বলেন: হাসাদ বা হিংসা দুই প্রকার: (ক) বৈধ হিংসা, যার আরেক নাম ‘গিবতাহ’ এবং (খ) অবৈধ হিংসা। এখানে ‘হাসাদ’ দ্বারা প্রথম প্রকারকে বুঝানো হয়েছে। (ফাতহুল বারী, ইবনু হাজার: ১/১৬৭) ।
২। উনচল্লিশ নাম্বার আয়াতে কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) দোয়া যখন নিয়ম মেনে, যথাসময়ে এবং যথোপযুক্ত পাত্র থেকে হয়, সে দোয়ার বিষয়টি যত কঠিনই হোক না কেন, তা সরাসরি কবুল করা হয়। যেমন: যাকারিয়্যা (আ.) বৃদ্ধ বয়েসে তার স্ত্রী বন্ধা হওয়া অবস্থায় সৎ সন্তানের জন্য দোয়া করা মাত্রই আল্লাহ তায়ালা ফেরেশতা পাঠিয়ে তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন।
(খ) দোয়ার অন্যতম নিয়ম হলো নির্জনে সালাতরত অবস্থায় একনিষ্ঠভাবে আল্লাহর কাছে মনের কথা খুলে বলা। যাকারিয়্যা (আ.) ও সালাতে দাড়িয়ে নিরবে নির্জনে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন।
(গ) যাকারিয়্যা (আ.) এর দোয়া কবুল পূর্বক তাকে ‘ইয়াহইয়া’ (আ.) এর সুসংবাদ দেওয়া হয়েছে, যার তিনটি গুণের কথা উল্লেখ করা হয়েছে: তিনি ঈসা (আ.) এর সত্যায়নকারী, মানুষের উপর নেতৃত্ব দানকারী, জাগতিক লোভলালসা ও বেহায়াপনা থেকে মুক্ত এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী।
৩। চল্লিশ নাম্বার আয়াত থেকে বুঝা যায়:
(ক) আল্লাহর ওয়ালীদের অন্যতম একটি কারামত হলো: তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে থাকেন, অর্থাৎ: দোয়া করা মাত্রই আল্লাহ তাদের কবুল করে থাকেন। যেমন: যকারিয়্যা (আ.) একটি অসম্ভব বিষয়ে দোয়া করার পরও আল্লাহ তায়ালা অতি সহজে তা কবুল করে নিয়েছেন। (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩১৪) ।
(খ) আল্লাহ তায়ালা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি চাইলে স্বাভাবিকের বিপরীত যে কোন কিছু করতে পারেন। যেমন: যাকারিয়্যা (আ.) এর বয়স ৯০ বছরের উপরে এবং তার স্ত্রী বন্ধা হওয়া সত্তে¡ও আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন।
৪। একচল্লিশ নাম্বার আয়াতে কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) বিশেষ কিছু অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করার পর তা পাওয়া পর্যন্ত তিনটি কাজ করা: (ক) মানুষের সাথে কম কথা বলা, (খ) এ সময়ে অধিক পরিমাণ আল্লাহর যিকির করা এবং (গ) সকাল-সন্ধা তাসবীহ পাঠ করা।
(খ) উল্লেখিত আয়াতে আল্লাহকে বেশী বেশী স্মরণ করার গুরুত্ব বর্ণনা করা হয়েছে।
(গ) ফজর ও আসর সালাতের ফযিলত বর্ণনা করা হয়েছে। এ সম্পর্কে একটি হাদীসে এসেছে:
عَنْ أَبِي مُوسَى، أَنَّ رَسُولَ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: “مَنْ صَلَّى البَرْدَيْنِ دَخَلَ الجَنَّةَ” (البخاري: ৫৭৪).
অর্থাৎ: আবু মূসা আল-আশয়ারী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি দুই শীতের সালাত অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে” (সহীহ আল-বুখারী: ৫৭৪) । (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩১৪) ।
৫। আয়াত সম্পৃক্ত ঘটনা:
প্রথমত: যাকারিয়্যা (আ.) এর জীবণী:
যাকারিয়্যা (আ.) এর নাম কোরআন কারীমের সূরা আলে-ইমরান, সূরা আনয়াম, সূরা মারয়াম এবং সূরা আনবিয়া এ মোট আট বার এসেছে। তার নসবনামা হলো: যাকারিয়্যা ইবনু হানা ইবনু মুসলিম ইবনু সাদূক ইবনু মাহমান ইবনু দাঊদ ইবনু সুলাইমান ইবনু মুসলিম… ইবনু সুলাইমান ইবনু দাঊদ। তার বংশ ধারাবাহিকতা দাঊদ (আ.) এর সাথে মিলেছে। তিনি হলেন আল্লাহর নবী ইয়াহইয়া (আ.) এর পিতা। তিনি বনী ইসরাঈলের নবী ছিলেন।
সহীহ মুসলিমের ২৩৭৯ নাম্বার হাদীসে রাসূলুল্লাহ (সা.) এর ভাষ্যানুযায়ী তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। মারইয়াম (আ.) এর জন্মের পর তার তত্বাবধানের দায়িত্ব যাকারিয়্যা (আ.) এর উপর অর্পিত হয়েছিল। এ সময়ে তিনি মারইয়াম (আ.) এর কাছে আল্লাহ প্রদত্ব অসংখ্য নেয়ামত দেখে বৃদ্ধ বয়েসে তার স্ত্রী বন্ধা থাকাবস্থায় তার মনে সৎ সন্তানের বাসনা জাগে। অতঃপর আল্লাহর কাছে সন্তানের আবেদন করলে তিনি তাকে ‘ইয়াহইয়া’ (আ.) এর সুসংবাদ দিয়েছিলেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২১) । তার বিস্তারিত ঘটনা সূরা মারইয়াম এ বর্ণিত হয়েছে।
দ্বিতীয়ত: ইয়াহইয়া (আ.) এর জীবণী:
ইয়াহইয়া (আ.) এর নাম কোরআন কারীমের সূরা আলে-ইমরান, সূরা আনয়াম, সূরা মারয়াম এবং সূরা আনবিয়া এ মোট চার বার এসেছে। যাকারিয়্যা (আ.) এবং তার স্ত্রী বৃদ্ধ বয়েসে তাকে আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। আল্লাহ তায়ালা তার চারটি গুণ বর্ণনা করেছেন: (ক) তিনি ঈসা (আ.) এর সত্যায়নকারী, (খ) মানুষের উপর নেতৃত্ব দানকারী, (গ) জাগতিক লোভলালসা ও বেহায়াপনা থেকে মুক্ত এবং (ঘ) পুণ্যবানদের মধ্যে একজন নবী। তিনি ত্রিশ বছরে উপণিত হওয়ার পূর্বেই নবী হিসেবে নির্বাচিত হন।
বলা হয় তৎকালীন ফিলিস্তীনের শাসক ‘হিরুদাস’ তার সুন্দরী কণ্যাকে ‘ইয়াহইয়া’ (আ.) এর সাথে বিবাহের প্রস্তাব দেন। এতে ‘ইয়াহইয়া’ (আ.) অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে শহীদ করা হয়। তার শহীদ হওয়ার বছরেই ‘ঈসা’ (আ.) নবী ও রাসূল হিসেবে আগমণ করেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২২২) ।

আয়াতাবলীর আমল:
(ক) আল্লাহর কাছে সৎ সন্তান কামনা পূর্বক দোয়া করা।
(খ) সালাতে সাজদারত অবস্থায় আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করা।
(গ) আল্লাহর কাছে দোয়া করার পর তিনটি কাজ করা: মানুষের সাথে কম কথা বলা, অধিক পরিমাণ আল্লাহর যিকির করা এবং সকাল-সন্ধা তাসবীহ পাঠ করা।
(ঘ) বেশী বেশী আল্লাহর যিকির ও তাসবীহ পাঠ করা।

সূরা আলে-ইমরানের (৩৫-৩৭) আয়াতের তাফসীর, আলোচ্যবিষয়: মারইয়াম (আ.) এর জন্মের কাহিনী।

By দৈনিক তাফসীর No Comments

﴿إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (35) فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (36) فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَا مَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (37)﴾ [سورة آل عمران: 35-37].

 

আয়াতাবলীর আলোচ্যবিষয়: মারইয়াম (আ.) এর জন্মের কাহিনী।

আয়াতাবলীর সরল অনুবাদ:
৩৫। যখন ইমরানের স্ত্রী বলেছিল: হে আমার রব! নিশ্চয় আমি আমার গর্ভে যা আছে একান্তভাবে আপনার জন্য মানত করলাম; অতএব আপনি তা আমার পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা মাহজ্ঞানী।
৩৬। অতঃপর যখন সে তা প্রসব করলো, তখন সে বললো: হে রব! নিশ্চয় আমি তা প্রসব করেছি একটি কন্যা, বস্তুত আল্লাহই ভালো জানেন যা সে প্রসব করেছে; আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়, এবং নিশ্চয় আমি তার নাম রেখেছি মারইয়াম; আর নিশ্চয় আমি তার এবং তার বংশধরের ব্যাপারে আপনার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি ।
৩৭। অতঃপর তার রব উত্তমভাবে তা কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়লেন; এবং তার দায়িত্ব দিলেন যাকারিয়্যাকে; যখনই যাকারিয়্যা মেহরাবে তার কাছে প্রবেশ করতো, তখনই তার কাছে রিযিক উপস্থিত দেখতে পাইতো; সে বলতো: হে মারইয়াম! এগুলো কোথা থেকে আসে তোমার জন্য? সে বলতো: তা আল্লাহর পক্ষ থেকে; নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দেন ।

আয়াতাবলীর ভাবার্থ:
যারা ঈসা (আ.) কে ইলাহ এবং আল্লাহর ছেলে বলে বিশ্বাস করে তাদের যৌক্তিক জবাব দেওয়ার পদ্ধতি শিক্ষা প্রদান পূর্বক আল্লাহ তায়ালা রাসূলুল্লাহকে (সা.) সম্বোধন করে বলেছেন: তিনি যেন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাক‚দের মানতের কথা স্মরণ করেন। যখন তিনি গর্ভে সন্তান ধারণ করলেন, তখন মানত করেছিলেন তার গর্ভের সন্তানকে বায়তুল মাক্বদাসের খেদমতের উদ্দেশ্যে আল্লাহর জন্য উৎসর্গ করবেন। অতঃপর তিনি আল্লাহর কাছে তার মনের একান্ত ইচ্ছাকে কবূল করার জন্য এ বলে দোয়া করেছিলেন: “হে আল্লাহ! আমার মানতকে কবূল করুন, নিশ্চয় আপনি আমার মানতকে শুনেছেন এবং আমার মনের বাসনা সম্পর্কে জেনেছেন”।
অতঃপর হান্না বিনতু ফাক‚দ যখন দেখলেন তিনি মেয়ে সন্তান প্রসব করেছেন, তখন তিনি তার মানতের ব্যাপারে নিরাশ হয়ে বলেছিলেন: হে আমার রব! আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি, সে তো বায়তুল মাকদাসে খেদমত করার উপযুক্ত নয়। বস্তুত: তিনি যা প্রসব করেছেন তার হাক্বীকত সম্পর্কে আল্লাহই ভালো জানেন। তিনি একজন পুত্র সন্তানের আশা করেছিলেন; কারণ তার ধারনা ছিল বায়তুল মাকদাসে খেদমতের জন্য যে পরিমাণ শক্তি-সামর্থ দরকার, তা একজন মেয়ের পক্ষে সম্পাদন করা সম্ভব হবে না। অবশেষে তিনি নবজাতকের নাম মারইয়াম রেখে আল্লাহর কাছে দোয়া করলেন: “আল্লাহ যেন তাকে এবং তার বংশধরকে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় দান করেন”।
অতঃপর আল্লাহ তায়ালা তার দোয়া ও মানতকে যথার্থভাবে কবুল করে মারইয়ামের লালন-পালনের দায়িত্বভার যাকারিয়্যা (আ.) এর উপর অর্পণ করেছিলেন। ফলে, তার তত্বাবধানে মাসজিদুল আক্বসার ভিতরে আল্লাহ প্রদত্ত জান্নাতী রিযিক আহরণ করে সে সুন্দরভাবে বেড়ে উঠতে থাকে। যাকারিয়্যাহ (আ.) যখনই মসজিদের মিহরাবে তার কাছে প্রবেশ করতেন, তখনই তার কাছে অমৌসুমী পবিত্র সুস্বাদু ফলমূল সহ বিভিন্ন ধরণের খাবার দেখতে পেতেন। আর তিনি তাকে জিজ্ঞাসা করতেন এ সুস্বাদু খাবার কোথা থেকে আসে? তখন সে উত্তর দিতো, এ খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন। (তাফসীর আল-মারাগী: ১৪৪-১৪৫, আইসার আল-তাফসীর: ১/৩১১, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৪, আল-মোন্তাখাব: ১/৯০) ।

আয়াতাবলীর অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿امْرَأَتُ عِمْرَانَ﴾ “ইমরানের স্ত্রী”, আয়াতাংশে ‘ইমরান’ দ্বারা ইমরান ইবনু মাসানকে বুঝানো হয়েছে, যিনি মারইয়াম (আ.) এর পিতা এবং ঈসা (আ.) এর নানা। তিনি নবী ছিলেন না, বরং তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম হলো: হান্না বিনতু ফাক‚দ, যিনি যাকারিয়্যা (আ.) এর স্ত্রীর বোন ছিলেন। (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩১০) ।
﴿نَذَرْتُ﴾ “আমি মানত করেছি”, আরবী ভাষার শব্দ, যার শাব্দিক অর্থ হলো: আমি নিজের জন্য আবশ্যক করে নিয়েছি। ‘মানত’ এর শরয়ী অর্থ হলো: “শরীয়াতে ওয়াজিব নয় এমন কোন বিষয়কে নিজের উপর ওয়াজিব করে নেওয়া”।
মানত করার জন্য যে শব্দ ব্যবহার হয়: ‘নাযারতু লিল্লাহি কাযা’ অর্থাৎ: আমি আল্লাহর জন্য অনুরুপ করার মানত করলাম, ‘নাযারতু কাযা ওয়া কাযা’ অর্থাৎ: আমি অনুরুপ অনুরুপ করার মানত করলাম, ইত্যাদি।
মানতের হুকুম: মানত পূর্ণ করা ওয়াজিব।
মানতের শর্ত: মানতের বিষয়টি এমন না হওয়া যা পালন করার মাধ্যমে আল্লাহর অবাধ্যতা হয়, এমন বিষয় হওয়া যা মানতকারীর স্বক্ষমতার ভিতরে থাকে, এমন বস্তুর মানত করা যার মালিক মানতকারী, মানত এমন জায়গার সাথে সম্পর্কিত না হওয়া যেখানে গায়রুল্লাহর ইবাদত হয় এবং মানত পালন করাকে কোন বিষয়ের সাথে লটকিয়ে না দেওয়া। (আলুকা পেইজ থেকে)।
﴿قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى﴾ তাফসীরকারকগণ আয়াতাংশের দুইটি অর্থ করেছেন:
(ক) তিনি বললেন: হে আমার রব! আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি, সে তো বায়তুল মাকদাসে খেদমত করার উপযুক্ত নয়; কারণ একটি কন্যা সন্তান শক্তি-সামর্থের দিক থেকে একটি ছেলে সন্তানের সমান হতে পারে না। বস্তুত: তিনি যা প্রসব করেছেন তার হাক্বীকত সম্পর্কে আল্লাহই ভালো জানেন। (আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৪) ।
(খ) তিনি বললেন: হে আমার রব! আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি। বস্তুত: তিনি যা প্রসব করেছেন তার হাক্বীকত সম্পর্কে আল্লাহই ভালো জানেন। সে যে উদ্দেশ্যে পুত্র সন্তান চেয়েছিল তা বাস্তবায়নে পুত্র সন্তানের চেয়ে এই কন্যা সন্তানটিই বেশী উপকারে আসবে। (আল-মোন্তাখাব: ১/৯০) ।
﴿مُحَرَّرًا﴾ “স্বাধীনভাবে”, এর দ্বারা উদ্দেশ্য হলো: একনিষ্ঠভাবে বা ইখলাসের সাথে, যেখানে আল্লাহর সাথে কাউকে শরীক করা হয় না। (তাফসীর গরীব আল-কোরআন, কাওয়ারী: ৩/৩৫) ।
﴿وَكَفَّلَهَا زَكَرِيَّا﴾ “এবং যাকারিয়্যাকে তার তত্বাবধানের দায়িত্ব দিলেন”, আয়াতাংশে ‘যাকারিয়্যাহ’ (আ.) আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। তিনি ‘সোলাইমান’ (আ.) এর বংশধর। ‘ইয়াহইয়া’ (আ.) এর পিতা এবং ‘মারইয়াম’ (আ.) এর খালু। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২০২; তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২১০) ।
﴿الْمِحْرَابَ﴾ “আল-মিহরাব”, মিহরাব হলো মসজিদের সামনের অংশে অবস্থিত উচু জায়গা, যা সাধারণ ইবাদতকারীদের জায়গা থেকে একটু আলাদা এবং তাদের আড়ালে থাকে। যাকারিয়া (আ.) মেহরাবে সিড়ি দিয়ে উঠতেন। (তাফসীর আল-মারাগী: ৩/১৪২) ।
﴿رِزْقًا﴾ “রিযিক”, আয়াতের বর্ণনাভঙ্গি থেকে বুঝা যায় ‘রিযিক’ দ্বারা অমৌসুমী পবিত্র সুস্বাদু বিস্ময়কর ফলমূলকে বুঝানো হয়েছে। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২০৭) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। পয়ত্রিশ নাম্বার আয়াতে নিম্নের কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) ইমরানের স্ত্রী হান্না বিনতু ফাক‚দ বন্ধা ছিলেন, বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোন সন্তান হয়নি। অবশেষে বৃদ্ধ বয়সে সন্তানের প্রতি প্রবল বাসনা জন্মালে আল্লাহর কাছে দোয়া করেন। অতঃপর তাঁর হুকুমে তিনি অন্তঃসত্ত¡ায় উপণিত হন।
(খ) হান্না বিনতু ফাক‚দ (র.) তার গর্ভাস্থ সন্তানকে আল্লাহর পথে মানত করেছিলেন। সুতরাং কোন মায়ের জন্য তার গর্ভাস্থ সন্তানকে আল্লাহর পথে মানত করা জায়েজ।
(গ) দোয়ার সময় আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম ব্যবহার করা উত্তম। হান্না বিনতু ফাক‚দ (র.) তার দোয়ায় আল্লাহর দুইটি গুণবাচক নাম ‘সামী’ এবং ‘আলীম’ এর অসীলা করেছিলেন। একই নির্দেশ আল্লাহ তায়ালা সূরা আরাফ এর ১৮০ নাম্বার আয়াতে দিয়েছেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২১২-২১৩) ।
২। ছত্রিশ নাম্বার আয়াতে কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) দীর্ঘ প্রতিক্ষার পর সন্তান জন্ম গ্রহণ করলে হান্না বিনতু ফাক‚দ নবজাতকের নাম রেখেছিলেন ‘মারইয়াম’, পরবর্তীতে যার ঔরশে পিতা বিহীন ঈসা (আ.) এর জন্ম হয়েছিল।
(খ) নবজাতক কেমন হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ তায়ালার কাছে রয়েছে, যা দুনিয়ার কোন মানুষ জানে না; কারণ আল্লাহ তায়ালা আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নবজাতকের হাক্বীকত সম্পর্কে আল্লাহই ভালো জানেন।
(গ) নারীদের সম্মানিত করা হয়েছে, সকল নারী মানের দিক থেকে পুরুষের নীচে নয়, বরং কিছু নারী রয়েছে যারা অনেক পুরুষের চেয়ে শ্রেষ্ঠ।
(ঘ) নবজাতক এবং ভবিষ্যত প্রজন্মকে শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করা উত্তম; কারণ হান্না বিনতু ফাক‚দ নবজাতকের জন্য দোয়া করেছিলেন।
৩। সাইত্রিশ নাম্বার আয়াতে তিনটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) আল্লাহ তায়ালা হান্না বিনতু ফাক‚দ (র.) এর দোয়া উত্তমরুপে কবূল করেছিলেন।
(খ) মারইয়ামের (আ.) তত্বাবধানের দায়িত্ব যাকারিয়্যা (আ.) এর উপর অর্পিত হয়েছিল।
(গ) মারইয়ামকে (আ.) আল্লাহ তায়ালা বিশেষ জাতের খাবার বিযিক হিসেবে প্রদান করেছিলেন। এ থেকে বুঝা যায় আল্লাহর ওয়ালীদের কারামাত সত্য।
৪। উল্লেখিত আয়াতবলীতে রাসূলুল্লাহ (সা.) এর রিসালাতের সত্যতার প্রমাণ রয়েছে; কারণ রাসূলুল্লাহ (সা.) ‘উম্মী’ ছিলেন। আল্লাহ তায়ালা তাকে না জানালে এ ঘটনা জানা তার পক্ষে কখনও সম্ভব হত না। এ জন্যই ঘটনা বর্ণনার উপসংহারে ৪৪ নাম্বার আয়াতে বলা হয়েছে: “এটা অদৃশ্য সংবাদ, যা আপনাকে প্রত্যাদেশ করেছি”। (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩১২) ।
৫। উল্লেখিত আয়াতাবলীতে মানতের ব্যাপারে আলোচনা এসেছে, এ সম্পৃক্ত মাসয়ালা নি¤েœ:
‘মানত’ এর শরয়ী অর্থ: “শরীয়াতে ওয়াজিব নয় এমন কোন বিষয়কে নিজের উপর ওয়াজিব করে নেওয়া”।
মানত করার জন্য যে শব্দ ব্যবহার হয়: ‘নাযারতু লিল্লাহি কাযা’ অর্থাৎ: আমি আল্লাহর জন্য অনুরুপ করার মানত করলাম, ‘নাযারতু কাযা ওয়া কাযা’ অর্থাৎ: আমি অনুরুপ অনুরুপ করার মানত করলাম, ইত্যাদি।
মানতের হুকুম: মানত পূর্ণ করা ওয়াজিব।
মানতের শর্ত:
(ক) মানতের বিষয়টি এমন না হওয়া যা পালন করার মাধ্যমে আল্লাহর অবাধ্যতা হয়।
(খ) এমন বিষয় হওয়া যা মানতকারীর স্বক্ষমতার ভিতরে থাকে।
(গ) এমন বস্তুর মানত করা যার মালিক মানতকারী।
(ঘ) মানত এমন জায়গার সাথে সম্পর্কিত না হওয়া যেখানে গায়রুল্লাহর ইবাদত হয়।
(ঘ) মানত পালন করাকে কোন বিষয় অর্জনের সাথে শর্তযুক্ত না করা। (আলুকা পেইজ থেকে)।

আয়াতাবলীর আমল:
(ক) ভালো কাজের মানত করা।
(খ) গুরুত্বপূর্ণ কাজ সফল করতে আল্লাহর কাছে দোয়া করা।
(গ) নবজাতক যেন শয়তানের পথ পরিহার করে আল্লাহর পথে বেরে উঠে সে জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করা।
(ঘ) আল্লাহর ওয়ালীদের কারামাত সত্য, এ কথা বিশ্বাস করা।

সূরা আলে-ইমরানের (৩৩-৩৪) আয়াতের তাফসীর, আয়াতদ্বয়ের আলোচ্যবিষয়: যুগে যুগে নবী নির্বাচন।

By Uncategorized, দৈনিক তাফসীর No Comments

﴿إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ (33) ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (34)﴾ [سورة آل عمران: 33-34].

 

আয়াতদ্বয়ের আলোচ্যবিষয়: যুগে যুগে নবী নির্বাচন।

আয়াতদ্বয়ের সরল অনুবাদ:
৩৩। নিশ্চয় আল্লাহ তায়ালা আদম, নূহ, ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে সৃষ্টি জগতের উপর বাছাই করেছেন ।
৩৪। তারা একে অপরের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী।

আয়াতদ্বয়ের ভাবার্থ:
মানুষ কর্তৃক আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহ কর্তৃক মানুষকে ভালোবাসার পদ্ধতি বর্ণনার পর আল্লাহ তায়ালা যাদেরকে ভালোবেসে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তাদের তালিকা উল্লেখ পূর্বক তিনি বলেন: নিশ্চয় আল্লাহ তায়ালা মোহাম্মদ (সা.) কে যেমন রাসূল হিসেবে নির্বাচন করে তার অনুসরণকে তাঁকে ভালোবাসার মাধ্যম বানিয়েছেন, ঠিক তেমনিভাবে আদম, নূহ, ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে সৃষ্টিজগতের উপর নবী-রাসূল হিসেবে বাছাই করেছিলেন।
আদম (আ.) হলেন মানবজাতির আদি পিতা, আল্লাহ তায়ালার বাছাইকৃত একজন নবী।
নূহ (আ.) হলেন মানবজাতির দ্বিতীয় পিতা, তার সময়ে মহা তুফান সংগঠিত হয়েছিল। তিনি এবং ঈমানদারগণ নৌকায় আরোহণ করে মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলেন। তার বংশ থেকে অনেক নবী-রাসূল প্রেরিত হয়েছিলেন।
ইব্রাহীম (আ.) একজন নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। তার বংশ থেকে সর্বাধিক সংখ্যক নবী-রাসূল প্রেরিত হয়েছেন; এজন্য তাকে নবীদের পিতা বলা হয়। তার বংশ থেকে আগত উল্লেখযোগ্য নবী-রসূলগণ হলেন: ইসমাঈল (আ.), ইসহাক্ব (আ.), ইয়কুব (আ.) এবং ইউসূফ (আ.)। ইমরান (আ.) আল্লাহর একজন অনুগত বান্দা ছিলেন। তার ঔরশে এসেছে ঈসা (আ.) এবং তার মা মারইয়াম (আ.)।
উল্লেখিত সকলে একে অপরের বংশধর, যেমন: ইসহাক, ইসমাঈল, ইয়ক‚ব (আ.) এরা সবাই ইব্রাহীম (আ.) এর বংশোদ্ভুত, ইব্রাহীম (আ.) হলেন নূহ (আ.) এর বংশোদ্ভুত এবং নূহ (আ.) এসেছেন আদম (আ.) থেকে। আর আল্লাহ তায়ালা তাঁর সকল বান্দার কথা শুনেন, তাদের সকল কাজ সম্পর্কে জানেন এবং সে অনুযায়ী কিয়ামতের দিন পুরস্কার দিবেন। (তাফসীর আল-মারাগী: ১৪২-১৪৩, আইসার আল-তাফসীর: ১/৩১০, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৪, আল-মোন্তাখাব: ১/৯০) ।

আয়াতদ্বয়ের অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿اصْطَفَى آدَمَ وَنُوحًا﴾ “তিনি আদম ও নূহ (আ.) কে বাছাই করেছেন”, আয়াতাংশে ‘আল্লাহ তায়ালা তাদেরকে বাছাই করেছেন’ এর অর্থ কি? ইমাম যাজাজ (র.) এর দুইটি অর্থ করেছেন:
(ক) আল্লাহ তায়ালা তাদের দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বাছাই করেছেন।
(খ) আল্লাহ তায়ালা তাদেরকে ‘রিসালাত’ এর জন্য বাছাই করেছেন। (মায়াানি আল-কোরআন, আবু ইসহাক্ব আল-যাজাজ: ১/৩৯৯) ।
﴿وَآلَ إِبْرَاهِيمَ﴾ “এবং ইব্রাহীমের বংশধর”, ইমাম তাবারী (র.) বলেন: আয়াতাংশে ‘আাল’ দ্বারা উদ্দেশ্য হলো: বংশধর, অনুসারী এবং যারা তার দ্বীনের উপর প্রতিষ্ঠিত। ইব্রাহীম (আ.) এর বংশধর দ্বারা উদ্দেশ্য হলো: ইসমাঈল, ইসহাক্ব, ইয়কুব, ইউসূফ (আ.) এবং মোহাম্মদ (সা.) সহ যারা তার বংশে এসেছে। (তাফসীর আল-তাবারী: ৬/৩২৬, আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২০১)।
﴿وَآلَ عِمْرَانَ﴾ “এবং ইমরানের বংশধর”, আয়াতাংশে ‘ইমরান’ দ্বারা কাকে বুঝানো হয়েছে? এ বিষয়ে তাফসীরকারকদের থেকে দুইটি মত পাওয়া যায়:
(ক) ইমরান ইবনু ইয়াসহার এর বংশধর মূসা ও হারুন (আ.) কে বুঝানো হয়েছে।
(খ) ইমরান ইবনু মাসান এর বংশধর ঈসা (আ.) এবং তার মা মারইয়াম (আ.) কে বুঝানো হয়েছে। উভয়ের মধ্যে পার্থক্য হলো এক হাজার আট শত বছর। (তাফসীর আল-নাসাফী: ১/২৪৯) । তবে আয়াতে উভয় ইমরানকে উদ্দেশ্য করা হলে অর্থের মধ্যে কোন ধরণের পরিবর্তন পরিলক্ষিত হবে না। (আল্লাহই ভালো জানেন) ।
﴿ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ﴾ “তারা একে অপরের বংশধর”, এর দ্বারা উদ্দেশ্য কি? এ ব্যাপারে তাফসীরকারকদের থেকে দুইটি মত পাওয়া যায়:
(ক) তাওহীদ, ইখলাস এবং অনুগত হওয়ার ভিত্তিতে তারা সবাই একে অপরের বংশধর।
(খ) তারা সবাই আদম (আ.) এর ঔরসজাত সন্তান হিসেবে একে অপরের বংশধর। তাহলে আয়াতে উদ্দেশ্য হলো: আদম (আ.) ছাড়া বাকী সকলে একই বংশধর। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/২০১)।
উল্লেখিত আয়াতদ্বয়ে সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক:
পূর্বের আয়াতাবলীতে মানুষ কর্তৃক আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহ কর্তৃক মানুষকে ভালোবাসার পদ্ধতি বর্ণনার পাশাপাশি আল্লাহ তায়ালা ও রাসূলুল্লাহর (সা.) অনুসরণ একটি অপরটির পরিপূরক বিষয়ে আলোচনা করা হয়েছে। আর উল্লেখিত আয়াতদ্বয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তায়ালা পূর্ববর্তী যুগে যাদেরকে ভালোবেসে নবী-রাসূল হিসেবে প্রেরণ করেছেন তারাও মানুষের কাছে আল্লাহকে ভালোবাসার একই পদ্ধতি বর্ণনা করেছেন। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২১১) ।

আয়াতদ্বয়ের শিক্ষা:
১। উল্লেখিত আয়াতদ্বয়ে দুই শ্রেণীর মানুষের ভ্রান্ত দাবীর জবাব রয়েছে:
(ক) মুশরিক, যারা রাসূলুল্লাহ (সা.) কে নবী হিসেবে মেনে নিতে আপত্তি জানায়; কারণ তারা মনে করে একজন মানুষ নবী হতে পারে না। আল্লাহ তায়ালা তাদেরকে জবাবে বলেন: তোমরা সকলে আদম (আ.) কে নবী হিসেবে বিশ্বাস করে থাকো, অথচ তিনি শুধু একজন মানুষই ছিলেন না, বরং তিনি মানবজাতির আদি পিতা ছিলেন।
(খ) বনী ইসরাঈল, যারা রাসূলুল্লাহ (সা.) কে নবী হিসেবে মানে না; কারণ তারা মনে করে নবী হবে একমাত্র বনী ইসরাঈল থেকে অন্য কোন গোত্র থেকে নবী হতে পারে না। আল্লাহ তায়ালা তাদের ভ্রান্ত আক্বীদার জবাবে বলেন: তিনি আদম ও নূহ (আ.) কে নবী হিসেবে বাছাই করেছেন। অতঃপর তাদের বংশধর থেকে ইব্রাহীম (আ.) কে নবী হিসেবে বাছাই করেছেন। অতঃপর তার বংশধর থেকে আগত ইমরানের বংশধরকেও নবী হিসেবে বাছাই করেছেন। আর আল্লাহ আরব থেকে মোহাম্মাদ (সা.) কে রাসূল হিসেবে বাছাই করেছেন, যিনি ছিলেন ইসমাঈলের বংশধর, আর ইসমাঈল (আ.) হলেন ইব্রাহীম (আ.) এর সন্তান। সুতরাং বনী ইসরাঈলরা যে মোহাম্মদ (সা.) কে ইব্রাহীম (আ.) এর বংশ থেকে আলাদা করতে চায়, তা অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ২১৪-২১৫) ।
২। উল্লেখিত আয়াতদ্বয় থেকে দুইটি বিষয় খুবই স্পষ্টভাবে বুঝা যায়:
(ক) পূর্ববর্তী সকল নবী-রাসূলের ধারাবহিকতায় মোহাম্মদ (সা.) ও একজন রাসূল। তারা সবাই যেমন মাটির তৈরি মানুষ রাসূলুল্লাহও (সা.) তাদের মতোই মাটির তৈরি মানুষ। এর মাধ্যমে তার মর্যাদা কমে যায় না। যেমনটা অনেকেই মনে করে থাকেন।
(খ) সকল নবী-রাসূল সম্পর্কের দিক থেকে ভাইয়ের মতো, তারা বিভিন্ন গোত্রের হলেও সকলের ধর্ম এক। এ সম্পর্কে একটি হাদীসে এসেছে:
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-: “أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ، أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ” (صحيح البخاري: ৩৪৪৩).
অর্থাৎ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “আমি দুনিয়া-আখেরাতে ঈসা ইবনু মারইয়ামের ঘনিষ্ঠতম। নবীগণ একে অপরের বৈমাত্রেয় ভাই। তাদের মা ভিন্ন, কিন্তু দ্বীন হলো এক”। (সহীহ আল-বুখারী: ৩৪৪৩) ।

আয়াতদ্বয়ের আমল:
আদম (আ.) থেকে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ (সা.) পর্যন্ত সকল নবী-রাসূল একই গঠন, প্রকৃতি ও উদ্দেশ্যে আগমণ করেছেন এ কথার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা।

সূরা আলে-ইমরানের (৩১-৩২) আয়াতদ্বয়ের তাফসীর, আলোচ্যবিষয়: আল্লাহর ভালোবাসা পেতে রাসূলুল্লাহর (সা.) অনুসরণ শর্ত।

By দৈনিক তাফসীর No Comments

﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (31) قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ (32)﴾ [سورة آل عمران: 31-32].

আয়াতদ্বয়ের আলোচ্যবিষয়: আল্লাহর ভালোবাসা পেতে রাসূলুল্লাহর (সা.) অনুসরণ শর্ত।

আয়াতদ্বয়ের সরল অনুবাদ ও শব্দার্থ:
৩১। বলো: যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো; আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং ক্ষমা করে দিবেন তোমাদের অপরাধসমূহ; বস্তুতঃ আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু।
৩২। বলো: তোমরা অনুসরণ করো আল্লাহর এবং রাসূলের, কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না।

আয়াতদ্বয়ের ভাবার্থ:
নাজরান থেকে আগত খৃষ্টান প্রতিনিধি দল ঈসা (আ.) এবং তার মা মারইয়াম (আ.) কে সম্মান প্রদর্শন ও অনুসরণ করাকে আল্লাহর ভালোবাসা লাভের একমাত্র উপায় দাবী করলে আল্লাহ তায়ালা তাদের ভ্রান্ত দাবীকে খন্ডন পূর্বক রাসূলুল্লাহ (সা.) কে নির্দেশ দিয়েছেন তিনি যেন তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে যেন ঈসা ও মারইয়ামের (আ.) অনুসরণ বাদ দিয়ে মোহাম্মদ (সা.) এর অনুসরণ করে। তারা যদি তাকে অনুসরণ করে, তাহলে আল্লাহ তায়ালা তাদেরকে ভালোবাসবেন এবং তাদের যাবতীয় পাপসমূহ ক্ষমা করে দিবেন।
অতঃপর আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ (সা.) এর মাধ্যমে নাজরানের খৃষ্টান সহ সকল মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু তারা যদি আল্লাহ ও তাঁর রাসূল (সা.) কে অনুসরণ করতে অস্বীকার করে, তাহলে তারা আল্লাহর ক্রোধে পতিত হবে এবং তিনি তাদেরকে কখনও ভালোবাসবেন না। (আইসার আল-তাফসীর: ১/৩০৮, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৪, আল-মোন্তাখাব: ১/৮৯) ।

আয়াতদ্বয়ের অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿تُحِبُّونَ اللَّهَ﴾ “তোমরা আল্লাহকে ভালোবাসো”, সকল তাফসীরকারক একমত যে, আল্লাহকে ভালোবাসার অর্থ হলো: তাঁর বড়ত্ব, মহত্ব এবং অনুসরণকে ভালোবাসা। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/১৯৭) ।
﴿يُحْبِبْكُمُ اللَّهُ﴾ “আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন”, সকল তাফসীরকারক একমত যে, আল্লাহকর্তৃক মানুষকে ভালোবাসার অর্থ হলো: “মানুষের জন্য কল্যাণ, ক্ষমা এবং রহমতকে ভালোবাসা”। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/১৯৭) ।
﴿لَا يُحِبُّ الْكَافِرِينَ﴾ “আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না”, সকল তাফসীরকারক একমত যে, আয়াতাংশের অর্থ হলো: “আল্লাহ কাফেরদের প্রতি কল্যাণ, ক্ষমা এবং রহমতকে ভালোবাসেন না”। (তাফসীর আল-কুরতুবী: ৪/৬০) ।
উল্লেখিত আয়াতাবলীর সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক:
পূর্বের আয়াতবলীতে আল্লাহর কামালিয়াত, তাঁর ক্ষমতা এবং তাকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আর উল্লেখিত আয়াতদ্বয়ে আল্লাহ তায়ালার ভালোবাসা অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আয়াতাবলীর মধ্যে সম্পর্ক স্পষ্ট। (তাফসীর আল-মুনীর, ওয়াহাবা আল-জুহাইলী: ৩/১৯৯) ।

৩১ নাম্বার আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট:
হাসান ও ইবনু জুরাইজ (র.) বলেন: কতিপয় কাফির-মুশরিক রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে বললো: হে মোহাম্মদ! আল্লাহর কসম করে বলছি: আমরা অবশ্যই আমাদের রবকে ভালোবাসি। অতঃপর অত্র আয়াত অবতীর্ণ করে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি তাদেরকে জানিয়ে দিলেন। (লুবাব আল-নুক‚ল, সুয়ূতী: ৬২) ।
মোহাম্মদ ইবনু জা’ফর (র.) বলেন: অত্র আয়াত নাজরানের খৃষ্টান সম্পর্কে অবতীর্ণ করা হয়েছে। বিস্তারিত ঘটনা হলো: তারা রাসূলুল্লাহর কাছে এসে বললো: আমরা আল্লাহকে ভালোবেসেই এবং তাঁকে সম্মান করেই ঈসা (আ.) কে সম্মান দেই এবং তার ইবাদত করি। অতঃপর অত্র আয়াত অবতীর্ণ করে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি তাদেরকে জানিয়ে দিলেন। (আসবাব আল-নুযূল, ওয়াহেদী: ১/১০৬) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। একত্রিশ নাম্বার আয়াতটি যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসার দাবী করে তার প্রতি বিচারক হিসেবে কাজ করে। সে যদি তার সকল কাজে ও কথায় রাসূলুল্লাহকে (সা.) অনুসরণ করে থাকে, তাহলে সে তার দাবীতে সত্যবাদী। অন্যথায় সে তার দাবীতে মিথ্যাবাদী। এজন্যই রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “কোন ব্যক্তি যদি এমন কাজ করে, যার আমি নির্দেশ করিনি তা অগ্রাহ্য” (সহীহ মুসলিম: ১৭১৮)।
হাসান বসরী (র.) বলেছেন: “কেউ যদি মনে করে সে আল্লাহকে ভালোবাসে, তাহলে আল্লাহ এ আয়াতের মাধ্যমে তাকে পরীক্ষা করে থাকেন”। (তাফসীর ইবনু কাসীর: ২/৩২) ।

২। সকল তাফসীরকারক একমত যে, বান্দার পক্ষ থেকে আল্লাহকে ভালোবাসার অর্থ হলো: তাঁর আনুগত্য হওয়াকে ভালোবাসা। আর আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভালোবাসার অর্থ হলো: বান্দার পাপসমূহ ক্ষমা করে দিতে ভালোবাসা। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৮/১৯৭) ।

৩। ‘আল-মাহাব্বাহ’ বা ‘ভালোবাসা’ এর সমার্থবোধক আরবী ভাষায় আরেকটি শব্দ পাওয়া যায় ‘আল-ইশক্ব’। আমাদের সমাজে এ শব্দটিকে আল্লাহর শানে ব্যবহার করতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ তায়ালার শানে কি এ শব্দটি ব্যবহার করা যাবে?
এর উত্তরে ইবনুল কাইয়্যূম (র.) বলেন: সুফী সম্প্রদায় এ শব্দটিকে আল্লাহর শানে ব্যবহার করে থাকলেও জমহুর ওলামার মত হলো: আল্লাহর শানে ‘আল-ইশক্ব’ শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তারা কয়েকটি কারণ উল্লেখ করেছেন:
(ক) কোরআন-সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের জীবন চারিতায় ‘আল-মাহাব্বাহ’ ছাড়া অন্য কোন শব্দ আল্লাহর শানে ব্যবহার হয়েছে মর্মে কোন নস পাওয়া যায় না।
(খ) ‘আল-ইশ্ক্ব’ শব্দের মধ্যে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ির অর্থ নিহীত রয়েছে, যা আল্লাহর শানে বেমানান। এছাড়ও ‘ইশ্ক্ব’ শব্দটি শাহওয়াত মিশ্রিত ভালোবাসার জন্য ব্যবহার হয়ে থাকে। আরবী ভাষাবিধদের কাছে ‘আল-ইশ্ক্ব’ শব্দটি যাকে বিবাহ করা যায় কেবল তার ক্ষেত্রে ব্যবহার হয়। (তালবীসু ইবলীস, ইবনুল জাওযী: ১৫৩) । আবু হেলাল আসকারী (র.) বলেন: ‘আল-ইশ্ক্ব’ শব্দটি কেবল মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। (আল-ফুরুক্ব, আল-আসকারী: ১/১২২) ।
(গ) ‘আল-হুব্ব’ বা ‘ভালোবাসা’ আল্লাহর একটি গুণ, এটাকে অন্য কোন শব্দ দিয়ে পরিবর্তন করা যাবে না। (তালবীসু ইবলীস, ইবনুল জাওযী: ১৫৩) ।

৪। আমাদের সমাজে আরেকটি বিষয় খুব বেশী পরিলক্ষিত হয় যে, আল্লাহ তায়ালা এবং তাঁর রাসূলকে (সা.) নিয়ে এমন ভালোবাসা ও বিরহের গান গাওয়া হয়, যেমনটা প্রেমিক তার প্রেমিকাকে হারিয়ে এবং প্রেমিকা তার প্রেমিককে হারিয়ে গেয়ে থাকে। এটা অবশ্যই আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) শানে বেআদবী। এর মাধ্যমে এ ধরণের গানের লেখক ও গায়ক কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহর প্রতি ভালোবাসার অর্থ হলো: তাঁর বড়ত্ব, মহত্ব এবং অনুসরণকে ভালোবাসা আর রাসূলুল্লাহকে (সা.) ভালোবাসার অর্থ হলো আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তাকে অনুসরণ করা। তাদের প্রতি নিজের ভালোবাসাকে যদি প্রকাশ করতেই হয়, তাহলে তা হবে তাদের প্রতি সম্মান রেখে শরয়ী পদ্ধতিতে। এজন্য লেখক ও গায়কদের উচিৎ গান-কবিতা লেখার পর শরয়ী বিষয়ে বিশেষজ্ঞদের দিয়ে তা কারেকশন করে নেওয়া। (আল্লাহই ভালো জানেন) ।

৫। ইমাম ওয়াহাবা জুহাঈলী (র.) বলেন: আল্লাহ এবং তাঁর রাসূলের (সা.) প্রতি ভালোবাসা প্রকাশ পায় তাদেরকে অনুসরণের মাধ্যমে, মুখে বলার মাধ্যমে নয়। (তাফসীর আল-মুনীর, জুহাইলী: ৩/২০৮) ।

৬। আল্লাহ তায়ালা আপনাকে ভালোবাসেন নাকি ঘৃণা করেন, তা কিভাবে বুঝবেন?
এর অতি সহজ উত্তর হলো: যদি দেখেন সাধারণ মানুষ, আপনার অধিনস্ত কর্মচারী, সহপাঠী, সহকর্মী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যের অধিকাংশই আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধাভরে ভালোবাসেন, আপনার অনুপস্থিতে আপনার জন্য দোয়া করেন, আপনার অজান্তে অন্যের সাথে আপনার প্রশংসা করেন এবং আপনি সমস্যায় পতিত হলে তারা কষ্ট পায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। কিন্তু যদি এর বিপরীত দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ তায়ালা আপনাকে ঘৃণা করেন। যেমন: এ সম্পর্কে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“إِنَّ اللهَ إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَقَالَ: إِنِّي أُحِبُّ فُلَانًا فَأَحِبَّهُ، قَالَ: فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ فَيَقُولُ: إِنَّ اللهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، قَالَ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ، وَإِذَا أَبْغَضَ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَيَقُولُ: إِنِّي أُبْغِضُ فُلَانًا فَأَبْغِضْهُ، قَالَ فَيُبْغِضُهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللهَ يُبْغِضُ فُلَانًا فَأَبْغِضُوهُ، قَالَ: فَيُبْغِضُونَهُ، ثُمَّ تُوضَعُ لَهُ الْبَغْضَاءُ فِي الْأَرْضِ” (صحيح مسلم: ২৬৩৭).
অর্থাৎ: “নিশ্চয় আল্লাহ তায়ালা যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিবরীল (আ.) কে ডেকে বলেন: আমি অমুককে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসতে থাকো। রাসূলুল্লাহ (সা.) বলেন: অতঃপর জিবরীল (আ.) তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর তিনি আকাশবাসীর উদ্দেশ্যে ঘোষণা দেন: অমুককে আল্লাহ ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসতে থাকো। অতঃপর আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করেন। রাসূলুল্লাহ (সা.) বলেন: ফলে যমীনবাসীর কাছেও তাকে ভালোবাসার পাত্র হিসেবে পেশ করা হয়। অপরদিকে আল্লাহ তায়ালা যখন কোন বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরীল (আ.) কে ডেকে বলেন: আমি অমুককে ঘৃণা করি, অতএব তুমিও তাকে ঘৃণা করতে থাকো। রাসূলুল্লাহ (সা.) বলেন: অতঃপর জিবরীল (আ.) তাকে ঘৃণা করতে শুরু করেন। অতঃপর তিনি আকাশবাসীর উদ্দেশ্যে ঘোষণা দেন: অমুককে আল্লাহ ঘৃণা করেন, অতএব তোমরাও তাকে ঘৃণা করতে থাকো। অতঃপর আকাশবাসী তাকে ঘৃণা করতে শুরু করেন। আল্লাহর রাসূল (সা.) বলেন: ফলে যমীনবাসীর কাছেও তাকে ঘৃণার পাত্র হিসেবে পেশ করা হয়” (সহীহ মুসলিম: ২৬৩৭।

৭। আল্লাহ তায়ালাকে সবচেয়ে বেশী ভালোবাসা বন্দার উপর ওয়াজিব। যেমন: কোরআনের একটি আয়াতে এসেছে:
﴿وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ﴾ [سورة البقرة: ১৬৫].
অর্থাৎ: “যারা ঈমানদার, তারা আল্লাহকে সবচেয়ে বেশী ভালোবাসে” (সূরা বাক্বারা: ১৬৫) ।
আল্লাহর পরে সবচেয়ে বেশী ভালোবাসবে রাসূলুল্লাহকে (সা.), অতঃপর পিতা-মাতা, অতঃপর সন্তানসস্তুতি, অতঃপর পর্যায়ক্রমে বাকীদেরকে ভালোবাসবে। যেমন: আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ” (صحيح مسلم: ১৭৮).
অর্থাৎ: “যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তানসন্তুতি এবং সকল মানুষের চেয়ে বেশী প্রিয় হবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না” (সহীহ মুসলিম: ১৭৮) ।

৮। বত্রিশ নাম্বার আয়াত থেকে বুঝা যায়, রাসূলুল্লাহ (সা.) এর অনুসরণকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে জাহান্নামী হয়ে যায়। তাকে অনুসরণের গুরুত্বের ব্যাপারে অসংখ্য আয়াত ও হাদীস রয়েছে। এ ব্যাপারে একটি বিখ্যাত হাদীস হলো:
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-، قَالَ: “كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى”، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: “مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى” (صحيح البخاري: ৭২৮০).
অর্থাৎ: আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যারা অস্বীকার করে, তারা ছাড়া আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন: কারা জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে। তিনি উত্তরে বললেন: যারা আমাকে অনুসরণ করে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা আমার অবাধ্য হয়, তারা জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করে। (সহীহ আল-বুখারী: ৭২৮) ।

আয়াতাবলীর আমল:
(ক) আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য রাসূলুল্লাহকে (সা.) অনুসরণ করা।
(গ) মুখের কথা দিয়ে নয়, বরং আল্লাহ ও রাসূলুল্লাহর (সা.) প্রতি আনুগত্য পোষণের মাধ্যমে তাদেরকে ভালোবাসা।

সূরা আলে-ইমরানের (২৮-৩০) আয়াতের তাফসীর, আয়াতের আলোচ্যবিষয়: কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনে নিষেধাজ্ঞা।

By দৈনিক তাফসীর No Comments

﴿لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ (28) قُلْ إِنْ تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (29) يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ (30)﴾ [سورة آل عمران: 28-30].

 

আয়াতের আলোচ্যবিষয়: কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনে নিষেধাজ্ঞা।

আয়াতের সরল অনুবাদ:
২৮। মুমিনগণ যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে; আর যে কেউ এরুপ করবে, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক থাকবে না; তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন ভয়ের আশংকা করো, তা হলে ভিন্ন কথা; আর আল্লাহ তায়ালা তোমাদেরকে তাঁর শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন; এবং আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন।
২৯। হে নবী! আপনি বলুন: যদি তোমরা গোপন রাখো অথবা তোমরা প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে, আল্লাহ তায়ালা তা জানেন; তিনি আরো জানেন আকাশসমূহে এবং যমীনে যা কিছু আছে; এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
৩০। যেদিন প্রত্যেকে সে যা ভালো কাজ এবং মন্দ কাজ করেছে, তার উপস্থিতি পাবে; সেদিন সে কামনা করবে, যদি তার মধ্যে এবং দুষ্কর্মের মধ্যে বহুদুর ব্যবধান হতো; আর সতর্ক করেছেন তোমাদেরকে আল্লাহ তায়ালা তাঁর শাস্তির ব্যাপারে; এবং আল্লাহ তায়ালা তাঁর বান্দার প্রতি অত্যন্ত স্নেহশীল ।

আয়াতের ভাবার্থ:
আল্লাহ তায়ালা ঈমানদারকে তার মুমিন ভাইকে বাদ দিয়ে কাফিরদেরকে অভিভাবক বা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন; কারণ পূর্বের আয়াতবলীতে মুমিন কোন সমস্যার সম্মুখীন হলে এমন ক্ষমতাধর আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থণা করতে বলা হয়েছে, যিনি সকল ক্ষমতার উৎস, তিনি সেচ্ছায় কাউকে ক্ষমতার আসনে বসিয়ে সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতাচ্যুতের মাধ্যমে লাঞ্চিত করেন এবং যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন। এমন উত্তম আশ্রয়দাতাকে বাদ দিয়ে তাঁর দুশমনকে অভিভাবক হিসেবে গ্রহণ করা স্বভাবতই বোকামী।
যারা এ নিষেধকে উপেক্ষা করে কাফেরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করবে তাদের প্রতি আল্লাহ তায়ালার চারটি সতর্কবার্তা রয়েছে:
(ক) তাদের সাথে আল্লাহ তায়ালার কোন সম্পর্ক থাকবে না।
(খ) তাদেরকে যথার্থ শাস্তি দিতে আল্লাহ তায়ালা সক্ষম। মূলতঃ সবাই তাদের কৃতকর্মের প্রতিদান লাভের জন্য আস্তে আস্তে তাঁরই দিকে ফিরে যাচ্ছে।
(গ) কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করার কোন বাসনা কারো অন্তরে থাকলে তা সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন। তিনি শুধু মানুষের অন্তরের খবর রাখেন না, বরং আকাশ-যমীনে যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি জানেন। আল্লাহ তায়ালা সবকিছুর উপর ক্ষমতাবান।
(ঘ) কাফেরদেরকে বন্ধু বানানো গর্হিত কাজ, আর প্রত্যেকেই তাদের ভালো-মন্দ কৃতকার্যের জন্য আখেরাতে প্রতিদান পাবে। সেদিন একদলকে মন্দ কাজের জন্য অনুতপ্ত হয়ে বিলাপ করতে দেখা যাবে।
আল্লাহ তায়ালা বান্দার প্রতি দয়াপরবশ হয়ে বিশেষ ওজরের ক্ষেত্রে কাফেরদের সাথে বন্ধুভাব আচরণ জায়েয রেখেছেন। যেমন: কাফেরদের থেকে কোন ধরণের ভয় বা ক্ষতির আশংকা থাকলে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা যাবে। (আইসার আল-তাফসীর: ১/৩০৬, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৩-৫৪, আল-মোন্তাখাব: ১/৮৯) ।

আয়াতাবলীর অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿أَوْلِيَاءَ﴾ “বন্ধুগণ”, শব্দটি বহুবচন, এক বচনে ‘ওয়ালি’। ইমাম আবু বকর আল-জাযায়িরী (র.) বলেন: আয়াতাংশের অর্থ হলো: কাউকে ভালোবাসা, সহযোগিতা এবং সমর্থন প্রদানপূর্বক বন্ধু বানানো।
﴿وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ﴾ “আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করছেন”, এর অর্থ হলো: “তোমরা আল্লাহর অবাধ্য হলে তিনি তোমাদেরকে তাঁর শাস্তি ব্যাপারে সতর্ক করছেন”। (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩০৫)।

উল্লেখিত আয়াতাবলীর সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক:
পূর্বের আয়াতবলীতে মুমিন কোন সমস্যার সম্মুখীন হলে এমন ক্ষমতাধর আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থণা করতে বলা হয়েছে, যিনি সকল ক্ষমতার উৎস, তিনি সেচ্ছায় কাউকে ক্ষমতার আসনে বসিয়ে সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতাচ্যুতের মাধ্যমে লাঞ্চিত করেন এবং যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন। আর উল্লেখিত আয়াতাবলীতে আল্লাহ তায়ালার মতো এমন উত্তম আশ্রয়দাতাকে বাদ দিয়ে তাঁর দুশমন কাফির সম্প্রদায়কে অভিভাবক হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। (তাফসীর আল-মুনীর, ওয়াহাবা আল-জুহাইলী: ৩/১৯৯) ।

(২৮-২৯) আয়াতদ্বয় অবতীর্ণের প্রেক্ষাপট:
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন: হাজ্জাজ ইবনু আমর নামক সাহাবী কা’ব বিন আশরাফ, ইবনু উবাই আল-হাক্বীক্ব এবং ক্বাইস ইবনু যায়েদ নামক ইহুদীদের সহযোগী ছিল। তার মাধ্যমে ইহুদী গ্রুপটির সাথে একদল আনসারী সাহাবীর সখ্যতা গড়ে উঠে, যা তাদের ঈমানের জন্য বড় পরীক্ষা ছিল। অতঃপর রিফায়াহ ইবনুল মুনজির, আব্দুল্লাহ ইবনু যুবাইর এবং সাঈদ ইবনু খাইসামাহ তাদেরকে ইহুদীদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করলে তারা সম্পর্ক ছিন্ন করতে অস্বীকার করে। অতঃপর আল্লাহ তায়ালা তাদেরকে সতর্ক করানোর জন্য (২৮-২৯) আয়াত অবতীর্ণ করেন। (লুবাব আল-নুক‚ল, সুয়ূতী: ৬২) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। ইবনু বায (র.) সহ অধিকাংশ ওলামায়ে কিরাম বলেছেন, (২৮-২৯) নাম্বার আয়াতে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা দ্বারা উদ্দেশ্য হলো: তাদেরকে অন্তর দিয়ে ভালোবেসে, সহযোগিতা করে এবং তাদের আক্বীদা-বিশ্বাসকে সমর্থন দিয়ে বন্ধু বানানো। (আইসার আল-তাফাসীর, জাযায়িরী: ১/৩০৫)। উল্লেখিত অর্থে কাফিরদেরকে অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা কবীরা গুনাহ; কারণ নিষেধাজ্ঞার পরেও যারা কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদের প্রতি আল্লাহ তায়ালা কর্তৃক চারটি সতর্কবার্তা প্রদান করা হয়েছে:
(ক) তাদের সাথে আল্লাহ তায়ালার কোন সম্পর্ক থাকবে না।
(খ) তাদেরকে যথার্থ শাস্তি দিতে আল্লাহ তায়ালা সক্ষম।
(গ) কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করার কোন বাসনা কারো অন্তরে থাকলে তা সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন।
(ঘ) কাফেরদেরকে বন্ধু বানানো গর্হিত কাজ, আর প্রত্যেকেই তাদের ভালো-মন্দ কৃতকর্মের জন্য আখেরাতে প্রতিদান পাবে।
২। তবে আঠাশ নাম্বার আয়াতের শেষাংশ থেকে বুঝা যায়, কাফেরদের থেকে যদি কোন ভয়-ভীতি এবং ক্ষয়ক্ষতির আশংকা থাকে, তাহলে পবিবেশ-পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা জায়েজ।
৩। আঠাশ নাম্বার আয়াতের শেষাংশ থেকে বুঝা যায় ইসলামে ‘তাকিয়া’ বা “আত্মরক্ষার জন্য অন্তরে সত্যকে লুকিয়ে রেখে মুখে ভিন্ন কিছু প্রকাশ করা” বৈধ। তবে এর ধরণ কেমন হবে তা নিয়ে ‘আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত’ এবং ‘রাফিযী’ সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য রয়েছে।
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতে, “বড় ধরণের ক্ষতি থেকে আত্মরক্ষার তাগিদে অন্তরে যা বিশ্বাস করে তার বিপরীত কিছু উচ্চারণ বা প্রকাশ করাকে ‘তাকিয়া’ বলে”। তারা মনে করেন ‘তাকিয়া’ এর আসল হলো হারাম, তবে নি¤œবর্ণিত কয়েকটি শর্তের আলোকে তা বৈধ:
(ক) ‘তাকিয়া’ করার প্রয়োজনীয়তা বিদ্যমান থাকা, যেমন: ‘তাকিয়া’ এর আশ্রয় না নিলে কতল, প্রচন্ড শাস্তি, যে কোন অঙ্গ কর্তন ইত্যাদি বড় ধরণের ক্ষতির আশংকা করা। (তাফসীর আল-কুরতুবী: ৪/৫৭) ।
(খ) আশংকা করা ক্ষতির পরিমাণ এমন হওয়া যে তা সহ্য করা কঠিন হবে।
(গ) ‘তাকিয়া’ ছাড়া অন্য কোন উপায় না থাকা। অন্য কোন উপায় থাকলে, তা অবলম্বন করা।
(ঘ) ‘তাকিয়া’ কেবল কাফেরের সাথে করা যাবে।
অপর দিকে শীয়া সম্প্রদায়ের একটি গ্রুপ ‘রাফিযী ইসনা আশারিয়্যাহ’, যারা ‘তাকিয়া’ কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরুদ্ধে সর্বক্ষণিক ব্যবহার করাকে ওয়াজিব মনে করে থাকে। তাদের কাছে ‘তাকিয়া’ দ্বীনের মৌলিক বিষয়ের একটি, সালাত কায়েম করা যেমন ফরজ, তেমনিভাবে ‘তাকিয়া’ অবলম্বন করাও ফরজ। তারা বিশ্বাস করে যারা ‘তাকিয়া’ অবলম্বন করে না, তারা দ্বীন থেকে খারিজ হয়ে যায়। তারা তাদের পঞ্চম ইমাম জাফর সাদিকের দিকে সম্বন্ধ করে একটি কথা বলে থাকে, তিনি বলেছেন: “তাকিয়া আমার এবং আমার পিতৃপুরুষের ধর্ম, যারা এটাকে অস্বীকার করে, তারা দ্বীনকে অস্বীকার করে”। (মাযহাব শীয়া ইমামিয়্যাহ: ২/৮০৬-৮০৭)।
উল্লেখিত দুইটি মতের মধ্যে বিশেষ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়:
(ক) আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত ‘তাকিয়া’ কে প্রয়োজনের সময় প্রয়োজন পরিমাণ জায়েজ মনে করেন, প্রয়োজন কেটে গেলে তা আর জায়েজ থাকে না। অপরদিকে ‘রাফিযী’ সম্প্রদায় এটাকে দ্বীনের মৌলিক বিষয় ধরে সর্বক্ষণিক আমল করাকে ওয়াজিব মনে করেন।
(খ) আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত ‘তাকিয়া’র উপর আমলকে ‘রুখসাত’ এবং এর উপর আমল না করাকে ‘আযীমাত’ মনে করেন। আর এ ক্ষেত্রে আযীমাত এর উপর আমল করা উত্তম। অপরদিকে ‘রাফিযী’ সম্প্রদায় এটাকে দ্বীনের রুকন মনে করে থাকেন, যার অস্বীকারকারী দ্বীন থেকে খারিজ হয়ে যায়।
(গ) আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত মনে করেন, ‘তাকিয়া’ কেবল কাফিরদের বিরুদ্ধে সম্পাদন করা যাবে। অপরদিকে ‘রাফিযী’ সম্প্রদায় এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করে থাকেন। (ইসলাম সুয়াল-জাওয়াব পেইজ থেকে) ।
৪। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থ রক্ষার জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই। ‘হাতিব ইবনু আবি বালতা’ নামক সাহাবী তার পারিবারিক স্বার্থ রক্ষার জন্য ‘জুয়াইনা’ নামক মহিলার মাধ্যমে মক্কার মুশরিকদের কাছে চিঠি পাঠিয়ে মুসলিম উম্মাহর গোপন কিছু বিষয় জানাতে চাইলে আল্লাহ তায়ালা তাৎক্ষণিক জিবরীল (আ.) এর মাধ্যমে এ বিষয় রাসূলুল্লাহ (সা.) কে অবগত করালে তিনি আলী, আবু মারসাদ এবং যুবায়ের ইবনু আওয়াম (রা.) কে পাঠিয়ে ‘রাওদাতু খাখ’ নামক জায়গা থেকে ঐ মহিলাকে আটক করে নিয়ে আসেন। এ বিষয়ে লম্বা একটি হাদীস সহীহ বুখারীর (৩০০৭) এবং সহীহ মুসলিমের (১৬১) নাম্বারে বর্ণিত হয়েছে। (তাফসীর আল-মুনীর: ৩/২০২) ।
৫। কোরআন কারীমের মোট সাতটি আয়াতে (সূরা আলে-ইমরান: ২৮, ১১৮/ সূরা নেসা: ১৪৪/ সূরা মায়িদা: ৫১/ সূরা আনফাল: ৭৩/ সূরা মুযাদালাহ: ২২/ সূরা মুমতাহেনা: ১) কাফিরদেরকে অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা থেকে নিষেধ করা হয়েছে। ইমাম ওয়হাবা জুহাইলী (র.) বলেছেন: নিম্নের বিষয়গুলো উল্লেখিত আয়াতাবলীতে প্রদত্ব নিষেধের আওতায় পড়বে না:
(ক) জনকল্যানের স্বার্থে মুসলিম ও কাফিরের মধ্যে সন্ধি-চুক্তি স্বাক্ষরিত হওয়া; কারণ বনী খুজায়া মুশরিক থাকা অবস্থায় রাসূলুল্লাহ (সা.) তাদের সাথে সন্ধি-চুক্তি করেছিলেন।
(খ) স্বাভাবিক অবস্থায় অমুসলিমদের সাথে প্রতিবেশী হিসেবে সৌজন্যবোধ বা বন্ধুসুলভ আচরণ করা।
(গ) স্বাভাবিক অবস্থায় ব্যক্তিগত পর্যায়ে অমুসলিমদের সাথে এমন বিষয়ে বন্ধুত্ব করা, মুসলিম উম্মাহের বৃহৎ স্বার্থের সাথে যার সংশ্লিষ্টতা নেই। (তাফসীর আল-মুনীর: ৩/২০৩) ।
(ঘ) দাওয়াতের উদ্দেশ্যে অমুসলিমের সাথে বন্ধুত্ব করা।

আয়াতাবলীর আমল:
(ক) কাফিরদের প্রতি আন্তরিক ভালোবাসা, মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা এবং তাদের আক্বীদা-বিশ্বাসের প্রতি সমর্থন প্রদান পূর্বক তাদেরকে বন্ধু না বানানো।
(খ) কাফেরদের ক্ষতি এড়াতে তাদের সাথে সৌজন্যবোধ বা বন্ধুসুলভ আচরণ করা।
(গ) সামাজিক বিশৃঙ্খলা এড়াতে প্রতিবেশী কাফেরদের সাথে প্রতিবেশীসুলভ আচরণ করা।

সূরা আলে-ইমরানের (২৬-২৭) আয়াতদ্বয়ের তাফসীর, আলোচ্যবিষয়: আল্লাহর ক্ষমতার স্বীকৃতি ও তার প্রমাণ।

By দৈনিক তাফসীর No Comments

﴿قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26) تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (27)﴾ [سورة آل عمران: 26-27].

আয়াতদ্বয়ের আলোচ্যবিষয়: আল্লাহর ক্ষমতার স্বীকৃতি ও তার প্রমাণ।

আয়াতদ্বয়ের সরল অনুবাদ:
২৬। বল: হে আল্লাহ! রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, যার থেকে চান রাজত্ব কেরে নেন, যাকে চান সম্মান দান করেন এবং যাকে চান লাঞ্চিত করেন। কেবল আপনারই হাতে সকল কল্যান; নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।
২৭। আপনি প্রবেশ করান রাত্রকে দিনের মধ্যে, এবং প্রবেশ করান দিনকে রাত্রের মধ্যে; আর বের করেন জীবিতকে মৃত থেকে এবং বের করেন মৃতকে জীবিত থেকে; আর যাকে চান বিনা হিসেবে রিযিক দেন।

আয়াতদ্বয়ের ভাবার্থ:
যখন নাজরানের মুশরিক এবং আহলে কিতাব রাসূলুল্লাহ (সা.) এর তাওহীদের দাওয়াতকে অস্বীকার করলো, তখন তাকে শান্তনা প্রদানপূর্বক বলা হয়েছে: তিনি যেন আল্লাহর ক্ষমতার কাছে আশ্রয় চান এবং এভাবে তাঁর কাছে দোয়া করেন: হে সকল রাজত্বের মালিক আল্লাহ তায়ালা! আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন ও যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মানিত করেন ও যাকে ইচ্ছা অপমানিত করেন, সকল কল্যান আপনারই হাতে। নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।
আপনার ক্ষমতার অন্যতম প্রমাণ হলো: আপনি রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করান। যেমন: কখনও রাত্র ছোট হয়ে দিন বড় হয় আবার কখনও দিন ছোট হয়ে রাত্র বড় হয়। আপনি মৃত থেকে জীবন বের করেন ও জীবন থেকে মৃত বের করেন। যেমন: একটি শুক্র বিন্দু থেকে মানুষ সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময় পরে তাকে মুত্যু দান করেন। আর সৃষ্টি জগতের মধ্যে যাকে ইচ্ছা বিনা হিসেবে রিযিক দান করেন। (আইসার আল-তাফসীর: ১/৩০২, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৩, আল-মোন্তাখাব: ১/৮৮) ।

আয়াতদ্বয়ের অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿اللَّهُمَّ﴾ “হে আল্লাহ!”, আয়াতাংশে ‘আল্লাহুম্মা’ শব্দটি মূলে ছিল ‘ইয়া আল্লাহ’, ‘ইয়া’ অক্ষরটি বিলুপ্ত করে তার পরিবর্তে শব্দের শেষে একটি ‘তাশদীদযুক্ত মীম’ সংযুক্ত করাতে ‘আল্লাহুম্মা’ হয়েছে। শব্দটি দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। (সফওয়াতু আল-তাফাসীর, সাবূনী: ১/১৭৬) ।
﴿مَالِكَ﴾ “মালিক”, আরবী ভাষায় দুইটি শব্দ ‘মাালিক’ (মীম এর পরে আলিফের সাথে) এবং ‘মালিক’ (মীম এর পরে আলিফ ব্যতীত) বাংলা ভাষাতেও আমরা মালিক বলেই জানি। তবে শব্দদ্বয় ব্যবহারের ক্ষেত্রে মৌলিক কিছু পার্থক্য পরিলক্ষিত হয়:
(ক) ‘মাালিক’ (মীম এর পরে আলিফের সাথে) কোন বস্তুর উপর এমন মালিকানা হওয়াকে বুঝায়, যেখানে তৃতীয় পক্ষ বা শক্তির হস্তক্ষেপের কোন সুযোগ থাকে না। এ ধরণের ‘মালিকানা’ আল্লাহ তায়ালার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এ কারণে উল্লেখিত শব্দটি কেবল আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন: সূরা ফাতিহার প্রথম দিকে ‘মাালিক’ শব্দটি আল্লাহ তায়ালার বিচার দিনের একক মালিকানা হওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। অত্র ছাব্বিশ নাম্বার আয়াতেও আল্লাহ তায়ালা রাজত্বের একক মালিক হওয়া অর্থে ব্যবহার হয়েছে।
(খ) ‘মালিক’ (মীম এর পরে আলিফ ব্যতীত) কোন বস্তুর উপর এমন মালিকানা হওয়াকে বুঝায়, যেখানে তৃতীয় পক্ষ বা শক্তির হস্তক্ষেপের সুযোগ থাকে। এ ধরণের ‘মালিকানা’ আল্লাহ তায়ালা এবং অন্য যে কোন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য হয়। এ কারণে উল্লেখিত শব্দটি আল্লাহ তায়ালা এবং মানুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন: সূরা নাস এর প্রথম দিকে ‘মালিক’ শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। দুনিয়ার রাজা-বাদশাহের ক্ষেত্রে উক্ত শব্দটি ব্যবহার হয়ে থাকে, যেমন: সৌদিআরবের বাদশাহদেরকে ‘মালিক’ বলা হয়।
উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, ‘মাালিক’ শব্দটি ‘খাস’ বা বিশেষ অর্থবোধক, যা কেবল আল্লাহ ক্ষেত্রে ব্যবহার হয়। অপরদিকে ‘মালিক’ শব্দটি ‘আম’ বা ব্যাপক অর্থবোধক, যা আল্লাহ এবং মানুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। (মুজাম আল-ফুরূক আল-লুগউইয়্যাহ, আল-আসকারী: ১/৪৭৩-৪৭৪) ।
সুতরাং উল্লেখিত আয়াতাংশে ইঙ্গিত রয়েছে যে, পুরো ইউনিভার্স একটি রাজত্বের শামিল, যার একচ্ছত্র মালিকানা কেবল আল্লাহ তায়ালার জন্য। সেখান থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের অধিকারী মানুষকে বানিয়ে থাকেন তাদেরকে পরীক্ষা করার জন্য।
﴿الْمُلْكِ﴾ “রাজত্ব”, আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য কি? এ ব্যাপারে ফখরুদ্দীন আল-রাযী (র.) বলেন: এখানে মালিকানা দ্বারা সকল ধরনের মালিকানাকে বুঝানো হয়েছে। যেমন: রাজত্বের মালিক বানানো, নবুয়াতের মালিক বানানো, জ্ঞানবুদ্ধির মালিক বানানো, সুস্থতার মালিক বানানো, ধনসম্পদের মালিক বানানো ইত্যাদি। (আল-তাফসীর আল-কাবীর: ৮/১৮৯) ।
﴿بِيَدِكَ الْخَيْرُ﴾ “সকল কল্যাণ আপনারি হাতে”, আয়াতের আগে পরের বর্ণনাভঙ্গির আলোকে আয়াতাংশের অর্থ হবে: “আপনার হাতে সকল কল্যাণ ও অকল্যাণ, যাকে ইচ্ছা কল্যাণ দান করেন এবং যাকে ইচ্ছা অকল্যাণ দান করেন”। (আইসার আল-তাফাসীর, ১/৩০৪) ।
﴿وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ﴾ ‘আর আপনি মৃত থেকে জীবন বের করেন’, তাফসীরকারকগণ এ আয়াতাংশের তিনটি ব্যাখ্যা করেছেন:
(ক) জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত, যেমন: বীজ থেকে উদ্ভিদ উৎপাদন হওয়া, শুক্রাণু থেকে মানুষ সৃষ্টি হওয়া ইত্যাদি।
(খ) আধ্যাত্মিক বিষয়ের সাথে সম্পৃক্ত, যেমন: কাফের থেকে মুমিন হওয়া, মুর্খ থেকে জ্ঞানী হওয়া ইত্যাদি।
(গ) জাগতিক ও আধ্যাত্মিক উভয়ের সাথে সম্পৃক্ত, যেমন: বীজ থেকে উদ্ভিদ উৎপাদন হওয়া, শুক্রাণু থেকে মানুষ সৃষ্টি হওয়া, কাফের থেকে মুমিন হওয়া, মুর্খ থেকে জ্ঞানী হওয়া ইত্যাদি।
এছাড়াও কতিপয় চিকিৎসাবিজ্ঞানী মনে করেন, আয়াতে ‘হাইয়্য’ দ্বারা প্রাণীজগতকে বুঝানো হয়েছে এবং ‘মাইয়্যেত’ দ্বারা তাদের খাবারকে বুঝানো হয়েছে। যেমন: মানুষ ভাত, গোস্ত, সবজী ইত্যাদি খেয়ে বৃদ্ধি পায়। (তাফসীর আল-মুনীর: ৩/১৯৫)।
উল্লেখিত সবগুলো মতকেই এখানে উদ্দেশ্য করা হয়েছে, কারণ আয়াতে ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে, কোনটাকে খাস করা হয়নি।
﴿وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ﴾ ‘এবং আপনি জীবন থেকে মৃত বের করেন’, অত্র আয়াতাংশের ব্যাখ্যায় তাফসীরকারকগণ বলেন: জীবিত প্রানী থেকে যা বের হয়, যেমন: দুধ, গোস্ত, ফলমূল, শাকসবজি ইত্যাদি। (তাফসীর আল-মুনীর: ৩/১৯৫)।

উল্লেখিত আয়াতদ্বয়ের সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক:
উনিশ থেকে পচিশ নাম্বার আয়াতে নাজরান, মক্কা এবং মদীনার আহলে কিতাব ও মুশরিকদের মাঝে রাসূলুল্লাহ (সা.) এর দাওয়াতী কার্যক্রম এবং তাদের প্রত্যাখ্যানের বিষয়ে আলোচনা করা হয়েছে। আর উল্লেখিত (২৬-২৭) আয়াতদ্বয়ে যে কোন কঠিন অবস্থার সম্মুখীন হলে রাসূলুল্লাহ (সা.) কে মহা ক্ষমতাধর আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের নির্দেশ প্রদানের মাধ্যমে তাঁর পক্ষ থেকে রাসূলুল্লাহ (সা.) কে শান্তনা প্রদান করা হয়েছে। (তাফসীর আল-মারাগী: ৩/১৩০-১৩১) ।

(২৬-২৭) আয়াতদ্বয় অবতীর্ণের প্রেক্ষাপট:
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন: মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ (সা.) সাহাবাদেরকে তৎকালীন দুই পরাশক্তিধর দেশ রোম ও পারস্য বিজয়ের সুসংবাদ দিলে ইহুদী ও মোনাফেকরা ব্যঙ্গ করে বলতে থাকে এ তো ফকীরের বিছানায় লক্ষ টাকার স্বপ্ন দেখার মতো। কোথায় মোহাম্মদ আর কোথায় রোম-পারস্য!। মোহাম্মদ মক্কা-মদীনা নিয়ে আছে তাই তো অনেক, আবার রোম-পারস্য বিজয়ের দুঃস্বপ্ন। তাদের এ ব্যঙ্গাত্বমূলক কথাবার্তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা অত্র আয়াতদ্বয় অবতীর্ণ করে রাসূলুল্লাহ (সা.) কে শান্তনা প্রদান করেছেন। (আসবাবুন নুযূল, ওয়াহেদী: ১/১০২) ।

ছাব্বিশ নাম্বার আয়াতের ফযীলত:
অত্র আয়াতে আল্লাহ তায়ালার ‘ইসমে আযম’ রয়েছে, এর দ্বারা কোন দোয়া করলে আল্লাহ তায়ালা তা সরাসরি কবুল করে নেন। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
اسْمُ اللهِ الأَعْظَمُ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ فِي هَذِهِ الآيَةِ مِنْ آلِ عِمْرَانَ: ﴿قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمَلِكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ﴾ إِلَى آخِرِهِ. (المعجم الكبير للطبراني: ১২৭৯২).
অর্থাৎ: সূরা আলে-ইমরানের একটি আয়াতে আল্লাহর ‘ইসমে আযম’ রয়েছে, এ আয়াত দিয়ে দোয়া করলে আল্লাহ তা সরাসরি কবুল করে নেন। আয়াতটি হলো: আলে-ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত। (মুযাম আল-কাবীর লিততাবরানী: ১২৭৯২) ।

আয়াতদ্বয়ের শিক্ষা:
১। ছাব্বিশ নাম্বার আয়াত থেকে কয়েকটি শিক্ষা রয়েছে:
(ক) বান্দা তার সকল বিষয়কে আল্লাহ তায়ালার দিকে সোপর্দ করবে; কারণ আয়াতে দেখা যায় আল্লাহ তায়ালা মোহাম্মদ রাসূলুল্লাহ (সা.) কে সম্বোধন করে মানবজাতিকে তাদের সকল বিষয়কে কেবল তাঁর দিকে সোপর্দ করতে বলেছেন।
(খ) সব কিছুর পরিপূর্ণ অধিকারিত্ব একমাত্র আল্লাহ তায়ালার জন্য; কারণ আয়াতের কয়েকটি অংশে বলা হয়েছে: তিনি যাকে ইচ্ছা মালিকানা দেন ও যার থেকে ইচ্ছা মালিকানা নিয়ে নেন এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন ও যাকে ইচ্ছা লাঞ্চিত করেন।
(গ) এ মহাবিশ্বে আল্লাহর ইচ্ছার বাহিরে কোন কিছুই সংগঠিত হয় না। এ সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে, যেমন: সূরা দাহ্র এর ত্রিশ নাম্বার আয়াত, সূরা তাকভীর এর উনত্রিশ নাম্বার আয়াত এবং সূরা আল-আনয়াম এর ১৩৪ নাম্বার আয়াত উল্লেখযোগ্য।
এ শিক্ষার বাস্তবতা সচরাচার আমাদের চোখে পড়ে, যেমন: মানুষের ক্ষমতার পালাবদল, সম্মানের জায়গায় বসিয়ে সেখান থেকে লাঞ্চিত করে বের করে দেওয়া ইত্যাদি। (তাফসীর আল-কোরআন আল-কারীম, সালিহ আল-উসাইমিন: ৩/১৬০-১৬৩) ।
২। সাতাইশ নাম্বার আয়াত থেকে বুঝা যায় সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তায়ালা এবং তিনিই সবাইকে রিযিক দান করেন; কারণ আয়াতের কয়েকটি অংশে বলা হয়েছে: তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, তিনি মৃত থেকে জীবন ও জীবন থেকে মৃত বের করেন এবং যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন। (তাফসীর আল-কোরআন আল-কারীম, সালিহ আল-উসাইমিন: ৩/১৬৭-১৬৮) ।
৩। উল্লেখিত আয়াতদ্বয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে দৈনন্দিন কাজকর্মে তাওহীদ বা একত্বাবাদ কেমন হবে, তা শিক্ষা দিয়েছেন। যেমন: শক্তিসমর্থ, ইজ্জতসম্মান, ধনসম্পদ, জ্ঞানবুদ্ধি ইত্যাদি সবকিছুই কেবল আল্লাহ তায়ালার কাছে চাওয়া যায়, অন্য কারো কাছে নয়।
৪। রাসূলুল্লাহ (সা.) কাফির-মুশরিক ও আহলেকিতাবের আচরণে মনঃক্ষুন্ন হলে উল্লেখিত আয়াতদ্বয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা তাকে শান্তনা প্রদান করেছেন।

আয়াতাদ্বয়ের আমল:
(ক) সম্মান কেবল আল্লাহর কাছে প্রত্যাশা করা, তিনি চাড়া অন্য কারো কাছে সম্মান চাইলে লাঞ্চিত হতে হয়।
(খ) জীবনে লাঞ্চিত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থণা করা।
(গ) আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিযিক তালাশ না করা।

সূরা আলে-ইমরানের (২৩-২৫) আয়াতের তাফসীর, আলোচ্যবিষয়: আল্লাহর বিধান থেকে আহলে কিতাবের বিমুখ হওয়ার কারণ ও পরিণাম ।

By দৈনিক তাফসীর One Comment

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَى كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِنْهُمْ وَهُمْ مُعْرِضُونَ (23) ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَاتٍ وَغَرَّهُمْ فِي دِينِهِمْ مَا كَانُوا يَفْتَرُونَ (24) فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ  (25) [سورة آل عمران: 23-25]

 

আয়াতাবলীর আলোচ্যবিষয়: আল্লাহর বিধান থেকে আহলে কিতাবের বিমুখ হওয়ার কারণ ও পরিণাম ।

আয়াতাবলীর সরল অনুবাদ:
২৩। তুমি কি তাদেরকে দেখনি, যাদেরকে প্রদান করা হয়েছে কিছু অংশ কিতাব থেকে? তাদেরকে ডাকা হয় আল্লাহর কিতাবের দিকে মিমাংসার জন্য তাদের মধ্যে; অতঃপর ফিরে যাচ্ছে তাদের একটি দল বিমুখ হয়ে।
২৪। এর কারণ হলো: তারা বলে থাকে আমাদেরকে স্পর্শ করবে না জাহান্নাম গুটি কয়েক দিন ছাড়া; আর তাদেরকে প্রতারিত করেছে তাদের দ্বীনের ব্যাপারে তারা যা মিথ্যা রচনা করতো।
২৫। সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে একত্র করবো এমন দিনের জন্য যে ব্যাপারে কোন সন্দেহ নেই; আর পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে প্রত্যেককে যা সে অর্জন করেছে, তারা যুলমের স্বীকার হবে না।

আয়াতাবলীর ভাবার্থ:
কোরআনকে অনুসরণ করার নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে আহলে কিতাবের অস্বীকৃতি, গোমরাহী এবং হটকারিতা দেখে রাসূলুল্লাহকে (সা.) বিস্ময় প্রকাশ না করতে আল্লাহ তায়ালা উপদেশ দিয়েছেন; কারণ এটা তাদের চিরাচরিত অভ্যাস। যখনই তাদের কাছে হিদায়াত ও ফয়সালাকারী কিতাব এসেছে, তখনই তারা তা অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়েছে।
হিদায়াত থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো:
(ক) তাদের ভ্রান্তবিশ্বাস, তারা মনে করে জাহান্নাম তাদেরকে গুটি কয়েকদিন স্পর্শ করবে।
(খ) দ্বীনের ব্যাপারে মিথ্যাচারিতা, যা তদেরকে বোকা বানিয়ে রেখেছে।
সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আল্লাহ তায়ালা তাদেরকে বিচারের জন্য একত্র করবেন, যে ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। আর সেদিন প্রত্যেককে তাদের কৃতকর্মের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করা হবে, কারো প্রতি বিন্দুমাত্র যুলম করা হবে না। (আইসার আল-তাফসীর: ১/৩০২, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫৩, আল-মোন্তাখাব: ১/৮৭) ।

আয়াতাবলীর অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ﴾ “যাদেরকে কিতাব দেওয়া হয়েছে”, আয়াতাংশে ‘কিতাব দ্বারা ‘তাওরাত’ কে বুঝানো হয়েছে। সূতরাং উল্লেখিত আয়াতাংশ দ্বারা ইহুদীদেরকে বুঝানো হয়েছে।
﴿إِلَى كِتَابِ اللَّهِ﴾ “আল্লাহর কিতাবের দিকে”, আয়াতাংশে ‘কিতাব দ্বারা উদ্দেশ্য হলো:
(ক) ‘তাওরাত’, আয়াতের অর্থ হবে: মূসা (আ.) ইহুুদীদেরকে তাওরাতের দিকে আহবান করলে, তারা তা প্রত্যাখ্যান করেছিল, এতে আপনার বিস্ময় হওয়ার কিছু নেই।
(খ) ‘কোরআন’, আয়াতের অর্থ হবে: আপনি তাদেরকে কোরআনের দিকে আহবান করলে, তা তারা প্রত্যাখ্যান করেছে, এতে আপনার বিস্ময় হওয়ার কিছু নেই। (তাফসীর আল-মুনীর, ওয়াহাবা আল-জুহাইলী: ৩/১৮৮) ।
﴿أَيَّامًا مَعْدُودَاتٍ﴾ “গুটি কয়েকদিন”, আয়াতাংশে ‘গুটি কয়েকদিন’ উদ্দেশ্য কি? এ ব্যাপারে অধিকাংশ তাফসীরকারকদের মত হলো: ‘গুটি কয়েকদিন’ দ্বারা সাত দিনকে বুঝানো হয়েছে। অর্থাৎ: ইহুদীরা বিশ্বাস করতো তাদেরকে মাত্র সাত দিন জাহান্নামের শাস্তি দেওয়া হবে।
তবে সাত দিনকে নির্ধারণ করার কারণ সম্পর্কে তাফসীরকারকদের কয়েকটি মত পাওয়া যায়:
(ক) তারা সাত দিন গো বৎসের পুজা করেছিল।
(খ) পৃথিবীর বয়স সাত হাজার বছর, প্রতি হাজার বছরের জন্য এক দিন করে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। সুতরাং এ হিসেবে মোট সাত দিন হয়। ইমাম ফখরুদ্দীন রাযী (র.) দুইটি কারণকেই দুর্বল মনে করেন। (আল-তাফসীর আল-কাবীর, রাযী: ৩/৫৬৬) ।
﴿لِيَوْمٍ﴾ “এমন দিনের জন্য”, আয়াতাংশে ‘দিন’ দ্বারা উদ্দেশ্য কি? এ ব্যাপারে সকল তাফসীরকারক একমত যে, এর দ্বারা কিয়ামতের দিনকে বুঝানো হয়েছে। (তাফসীর আল-মারাগী: ৩/১২৬) ।

উল্লেখিত আয়াতবলীর সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক:
পূর্ববর্তী আয়াতাবলীতে ইহুদীদের ঘৃণ্য আচরণ বর্ণনার পর উল্লেখিত আয়াতাবলীতেও রাসূলুল্লাহকে (সা.) সম্বোধন করে তাদের কিছু কুৎসিত এবং হীন আচরণ এমন ভঙ্গিতে তুলে ধরা হয়েছে, যা বিস্ময়ের প্রতি ইঙ্গিত করে। (আল-মুনীর: ৩/১৮৮)।

(২৩-২৪) আয়াতদ্বয় অবতীর্ণের প্রেক্ষাপট:
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন: রাসূলুল্লাহ (সা.) ইহুদীদের মাদ্রাসায় একদল ইহুদীদের কাছে প্রবেশ করে তাদেরকে তাওহীদের দিকে আহবান করলেন।
অতঃপর নাঈম ইবনু আমর এবং হারিস ইবনু যায়েদ নামক দুইজন ইহুদী তাকে বললো: হে মোহাম্মদ! তুমি কোন ধর্মের অনুসারী?
রাসূলুল্লাহ (সা.) উত্তরে বললেন: আমি ইব্রাহীম (আ.) এর ধর্মের অনুসারী।
তখন তারা বললো: ইব্রাহীম (আ.) তো ইহুদী ছিলেন।
অতঃপর তিনি তাদেরকে বললেন: তাহলে তাওরাতের দিকে এসো; কারণ তা আমাদের ও তোমাদের মধ্যে সমান। এতে তারা অস্বীকৃতি জানালে আল্লাহ তায়ালা অত্র সূরার (২৩-২৪) নাম্বার আয়াত অবতীর্ণ করেন। (লুবাব আল-নুক‚ল, সুয়ূতী: ৬১) ।

আয়াতাবলীর শিক্ষা:
১। তেইশ নাম্বার আয়াতের প্রথমাংশ দ্বারা বুঝা যায় ইসলামী বিধান অনুসরণ করা ওয়াজিব। অত্র সূরার (১৯, ৮৩, ৮৫) নাম্বার আয়াতে ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য জীবনবিধান বলা হয়েছে। কোরআন কারীমে ইসলামী বিধান সম্পর্কিত মোট ৫০০টি আয়াতের সতন্ত্র তাফসীর গ্রন্থ রয়েছে। যেমন: জাসাাস আল-হানাফী (র.), ইবনুল আরাবী আল-মালিকী (র.) এর লিখিত তাফসীর। ইমাম কুরতুবী (র.) এর লিখিত তাফসীর গ্রন্থেও বিধান সম্পর্কিত আয়াতাবলীকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও আধুনিক সময়ে আলী আল-সাবুনী (র.) এর লেখা তাফসীরও প্রশিদ্ধি লাভ করেছে।
২। তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতে ইহুদীদের দুইটি আচরণকে নিন্দা করা হয়েছে:
(ক) কিতাব এবং রাসূলুল্লাহকে (সা.) অনুসরণ না করে মুখ ফিরিয়ে নেওয়া।
(খ) আখেরাতে একটি নির্ধারিত সময়ের পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা পোষণ করা।
৩। তেইশ নাম্বার আয়াত থেকে ইমাম মালিক (র.) একটি মাসয়ালা নির্গত করেছেন: পূর্ববর্তী শরিয়তে যা রহিত করা হয়েছে, তা ছাড়া বাকী সকল বিধানই আমাদের জন্য অনুসরণীয়। তবে তাওরাত-ইনজীলের ক্ষেত্রে ভিন্ন হুকুম, কারণ তা ইহুদী-খৃষ্টানদের হাতে নিরাপদ ছিল না।
৪। চব্বিশ নাম্বার আয়াতে হিদায়াত থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়ার দুইটি কারণ বর্ণনা করা হয়েছে:
(ক) তাদের ভ্রান্তবিশ্বাস, তারা মনে করে জাহান্নাম তাদেরকে গুটি কয়েকদিন স্পর্শ করবে।
(খ) দ্বীনের ব্যাপারে মিথ্যাচারিতা, যা তদেরকে বোকা বানিয়ে রেখেছে।
৫। চব্বিশ এবং পচিশ নাম্বার আয়াত থেকে বুঝা যায়, আখেরাতে ব্যক্তি, দল এবং বংশমর্যাদা কোন কাজে আসবে না, মানুষের আমলই মুক্তির একমাত্র পাথেয় হবে।

আয়াতাবলীর আমল:
(ক) কোন ব্যক্তি, দল এবং বংশ পরিচয়ে জান্নাতে জাওয়ার ইচ্ছা লালন না করা, যা ইহুদীরা করে থাকে।
(খ) ইসলামী বিধি-বিধানের দিকে ডাকা হলে সারা দেওয়া।

 

সূরা আলে-ইমরানের (২১-২২) আয়াতের তাফসীর, আলোচ্যবিষয়: নবী-রাসূল ও আলেম-ওলামাদের প্রতি যুলমের পরিণতি।

By দৈনিক তাফসীর No Comments

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (21) أُولَئِكَ الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ (22)﴾ [سورة آل عمران: 21-22]

আয়াতদ্বয়ের আলোচ্যবিষয়: নবী-রাসূল ও আলেম-ওলামাদের প্রতি যুলমের পরিণতি।

আয়াতদ্বয়ের সরল অনুবাদ:
২১। নিশ্চয় যারা আল্লাহর আয়াতাবলীর সাথে কুফরী করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এবং তাদেরকে হত্যা করে, মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়; আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন।
২২। ওরাই হলো তারা, যাদের আমলসমূহ নিষ্ফল হয়েছে দুনিয়া ও আখেরাতে এবং তাদের কোন সাহায্যকারী নেই।

আয়াতদ্বয়ের ভাবার্থ:
নিশ্চয় যারা মহাজাগতিক এবং প্রেরিত আয়াতকে অস্বীকার করে এবং তাদের হিদায়াতের জন্য প্রেরিত নবী-রাসূলদেরকে অন্যায়ভাবে অত্যাচারপূর্বক হত্যা করে, এমনকি মানুষের মধ্য থেকে যে সকল ওলামায়ে কেরাম তাদেরকে ন্যায়পরায়ণতার দিকে আহবান করে তাদেরকেও ভৎসনা ও হত্যা করে। আল্লাহ তায়ালা তাঁর রাসূলের (সা.) মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, তাদের জন্য তিনটি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে:
(ক) তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
(খ) তাদের কৃত সৎআমলগুলো বাতিল হয়ে যাবে।
(গ) যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করার জন্য আখেরাতে কোন সাহায্যকারী পাবে না। (আইসার আল-তাফসীর: ১/২৯৯-৩০০, আল-তাফসীর আল-মুয়াস্সার: ১/৫২, আল-মোন্তাখাব: ১/৮৭) ।

আয়াতদ্বয়ের অস্পষ্ট শব্দের ব্যাখ্যা:
﴿الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ﴾ “যারা আল্লাহর আয়াতাবলীকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে”, আয়াতাংশে ‘যারা’ দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে? এ ব্যাপারে কয়েকটি মত পাওয়া যায়:
(ক) ইমাম বায়দাভী (র.) বলেন: পূর্ববর্তী যুগের ও রাসূলুল্লাহর (সা.) সমসাময়ীক আহলে কিতাবকে বুঝানো হয়েছে, যারা পূর্ববর্তী অনেক নবীকে হত্যা করেছে এবং রাসূলুল্লাহকে (সা.) হত্যা করার ষড়যন্ত্র করেছে। (তাফসীর আল-বায়দাভী: ২/১০) ।
(খ) ইমাম নাসাফী (র.) বলেন: সকল আহলে কিতাবকে বুঝানো হয়েছে। (তাফসীর আল-নাসাফী: ১/২৪৪) ।
(গ) ইমাম মারাগী (র.) বলেন: ইহুদীদেরকে বুঝানো হয়েছে। (তাফসীর আল-মারাগী: ৩/১২২) ।
উল্লেখিত অভিমতগুলোকে সমন্বয় করে বলা যায়, পূর্ববর্তী ও পরবর্তী সকল কাফের মুশরিকদেরেকে ব্যাপকভাবে বুঝানো হয়েছে, যারা পূর্বে নবী-রাসূল ও তাদের অনুসারীদেরকে হত্যা করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা এ চরিত্রের অধিকারী হবে; কারণ আয়াতে দুইটি বিষয় পরিলক্ষিত হয়:
(ক) আয়াতে ‘আল্লাযিনা’ তথা ‘যারা’ শব্দটি ব্যাপক অর্থের ফায়দা দেয়।
(খ) আয়াতে ‘ফিল আল-মুদারি’ তথা ‘বর্তমান ও ভবিষ্যত সূচক ক্রিয়া’ ব্যবহার করা হয়েছে, যা ‘দাওয়াম’ তথা ‘সর্বদা সংগঠিত হওয়ার’ ফায়দা দেয়। (আল্লাহই ভালো জানেন) ।

উল্লেখিত আয়াতদ্বয়ের সাথে পূর্বের আয়াতাবলীর সম্পর্ক:
(১৯-২০) নাম্বার আয়াতে রাসূলুল্লাহর (সা.) সমসাময়ীক ইহুদীদের অবস্থা তুলে ধরা হয়েছে, যারা তার প্রতি হিংসার কারণে ইসলাম নিয়ে মতবিরোধ করতো এবং তার সাথে ঝগড়ায় লিপ্ত হতো। আর অত্র আয়াতদ্বয়ে, তাদের এবং তাদের পিতৃপুরুষ ইহুদীদের হিং¯্র চরিত্র ও তার ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে। তারা রাসূলুল্লাহকে (সা.) হত্যার চেষ্টা করেছিল আর তাদের পিতৃপুরুষ ইহুদীরা তৎকালীন নবী-রাসূলদেরকে হত্যা করতো। সুতরাং উল্লেখিত আয়াতদ্বয়ের সাথে পূর্বের আয়াতের সম্পর্ক স্পষ্ট। (তাফসীর আল-মারাগী: ১২২-১২৩) ।

(২১-২২) নাম্বার আয়াতসংশ্লিষ্ট ঘটনা:
আবু আব্বাস আল-মুবাররাদ (র.) বলেন: বনী ইসরাইলদের কাছে নবী-রাসূল আসলে, তারা তদের প্রতি অত্যাচার করে হত্যা করতো; এমনকি তাদের মধ্য থেকে কেউ তাদেরকে নসীহত করলে তাদেরকেও হত্যা করা হতো। অত্র আয়াতদ্বয়ে এ ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে।
আবু উবায়দা ইবন আল-জাররাহ (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: বনী ইসরাইলরা ৪৩ জন নবী-রাসূলদেরকে দিনের দ্বিপ্রহরের পূর্বে এক ঘন্টার ব্যাবধানে হত্যা করেছিল। অতঃপর তাদের নিজেদের মধ্য থেকে একদল তাদেরকে ভালো কাজের আদেশ করলে, তাদের মধ্য থেকে ১১২ জনকে দিনের শেষ প্রহরে হত্যা করেছিল। অত্র আয়াতদ্বয়ে এ ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে। (তফসীর আল-কুরতুবী: ৪/৪৬, তাফসীর আল-মুনীর: ৩/১৮৪)।

আয়াতদ্বয়ের শিক্ষা:
১। উল্লেখিত আয়াতদ্বয়ে তিনটি গুণের মানুষের জন্য তিন প্রকার শাস্তির বর্ণনা রয়েছে। তিনটি গুণের মানুষ হলো:
(ক) যারা আল্লাহর মহাজাগতিক ও প্রেরিত আয়াতাবলীকে অস্বীকার করে।
(খ) যারা নবী-রাসূলদেরকে গালমন্দ ও হত্যা করে।
(গ) হক্কানী ওলামায়ে কেরামকে (যারা মানুষকে সৎকাজের আদেশ করে এবং অসৎকাজ থেকে নিষেধ করে) গালমন্দ ও হত্যা করে।
এবং উল্লেখিত তিনটি গুণের যেকোন একটি গুণ কারো মধ্যে পাওয়া গেলে তার জন্য নি¤েœর তিনটি শাস্তি অবধারিত:
(ক) তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
(খ) তাদের সৎআমল দুনিয়া ও আখেরাতে বরবাদ হয়ে যাবে।
(গ) জাহান্নাম থেকে বাচানোর জন্য কোন সাহায্যকারী পাবে না। (তাফসীর আল-মুনীর, ওয়াহাবা আল-জুহাইলী: ৩/১৮৬-১৮৭) ।

২। একুশ নাম্বার আয়াতে ‘আল্লাহর আয়াতাবলী’ দ্বারা উদ্দেশ্য হলো:
(ক) আল্লাহর ‘মহাজাগতিক নিদর্শন’ অর্থাৎ: সৃষ্টি জগতের বিচিত্র সৃষ্টি।
(খ) কোরআনে বর্ণিত আল্লাহর আয়াতাবলী। (আল-মোন্তাখাব, ওলামায়ে আযহার: ১/৮৭)।
ইমাম মওদুদী (র.) প্রথম প্রকার আয়াতকে আল্লাহর প্রাক্টিক্যাল বা ব্যবহারিক নিদর্শন বলেছেন এবং দ্বিতীয় প্রকারকে আল্লাহর থিওরিক্যাল বা তাত্বিক নিদর্শন বলেছেন।
আয়াতে বর্ণিত ‘আয়াাত’ শব্দটি বহুবচন এবং ব্যাপকভাবে বর্ণিত হওয়ার কারণে বলা যায়: উল্লেখিত দুই প্রকার আল্লাহর আয়াতের যেকোন একটিকে কেউ অস্বীকার করলে, সে কাফির হয়ে যাবে। (আল্লাহই ভালো জানেন) ।

৩। একুশ নাম্বার আয়াতে ‘তারা নবীদেরকে হত্যা করেছে’, একই অর্থে সূরা বাক্বারা এর ৬১ ও ৮৭ নাম্বার আয়াত এবং সূরা আলে ইমরান এর ২১ নাম্বার আয়াত এসেছে। বনুইসরাঈলরা কতজন নবীকে হত্যা করেছে? এ ব্যাপারে ৪৩ জনের একটি সংখ্যা বিভিন্ন হাদীসে পাওয়া গেলেও তারা যেসকল নবী-রাসূলদেরকে হত্যা করেছে, তাদের নামের কোন তালিকা পাওয়া যায় না, তবে তাফসীরকারকগণ কয়েকজন নবীর নাম উল্লেখ করেছেন। ইমাম বায়যাভী (র.) তার তাফসীর গ্রন্থে বলেন: বনুইসরাঈলরা যাকারিয়া (আ.) এবং ইয়াহইয়া (আ.) কে হত্যা করেছে। (তাফসীর আল-বায়যাভী: ১/৯৩) ।

৪। একুশ নাম্বার আয়াতে আরো বলা হয়েছে: ‘তারা অন্যায়ভাবে হত্যা করেছে’, এখন প্রশ্ন হতে পারে, এ আয়াতাংশ দ্বারা বুঝা যায় নবীদেরকে হত্যা করার ন্যায্য কোন রুপ আছে। তাহলে আয়াতাংশ দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে?
ইমাম নাসাফী (র.) বলেন: এখানে আয়াতাংশ দ্বারা তাদের অন্যায় কর্মের ভয়াবহতার উপর তাগিদ দিয়েছেন। অর্থাৎ নবী-রাসূলদেরকে হত্যা করাটাইতো অন্যায়, পুণরায় আবার ‘অন্যায়ভাবে’ শব্দটি যোগ করে তারা অন্যায়ের চুড়ান্ত সীমা অতিক্রম করেছে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। (তাফসীর আল-নাসাফী: ১/২৪৪) ।

৫। একুশ নাম্বার আয়াতের শেষাংশে বলা হয়েছে: যারা মানুষকে ন্যায়পরাণতার আদেশ দিতো, তাদেরকেও ইহুদীরা হত্যা করেছিল। ন্যায়পরায়ণতার দিকে আদেশ করা দ্বারা উদ্দেশ্য হলো: ‘সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করা’, যা সকল যুগের উম্মতের উপর ওয়াজিব ছিল এবং বর্তমানে উম্মতে মোহাম্মাদীর উপরেও ওয়াজিব। দুইটি কারণে এর গুরুত্ব বেড়েছে:
(ক) এর মাধ্যমে নুবুয়াতের প্রতিনিধিত্ব হয়, যেমন: ওবাদা ইবনু সামিত (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“مَنْ أَمَرَ بِالْمَعْرُوْفِ أَوْ نَهَى عَنِ الْمُنْكَرِ، فَهُوَ خَلِيْفَةُ اللهِ فِيْ أَرْضِهِ، وَخَلِيْفَةُ رَسُوْلِهِ، وَخَلِيْفَةُ كِتَابِهِ” (السلسلة الضعيفة للألباني: ৪৮৪০).
অর্থাৎ: “যে ব্যক্তি সৎকাজের আদেশ করে অথবা অসৎকাজ থেকে নিষেধ করে, সে আল্লাহর যমীনে তাঁর খলীফা, তাঁর রাসূলের (সা.) খলীফা এবং তাঁর কিতাবের খলীফা” (আল-সিলসিলা আল-যয়ীফা, নাসিরুদ্দীন আলবানী: ৪৮৪০) । হাদীসের মান যয়ীফ।
(খ) ‘সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ’ মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য করার মানদন্ড; কারণ মুমিন সৎকাজের আদেশ দেয় এবং অসৎকাজ থেকে নিষেধ করে, অপরদিকে মুনাফিক সৎকাজ থেকে নিষেধ করে এবং অসৎকাজের আদেশ করে। এ সম্পর্কে সূরা তাওবা এর ৬৭ এবং ৭১ নাম্বার আয়াতে বর্ণনা এসেছে।
(গ) মুসলিম জাতি সর্বোত্তম হওয়ার মূল ভিত্তি হলো: ‘সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ’। সূরা আলে-ইমরান এর ১১০ নাম্বার আয়াতে এসেছে:
﴿كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ﴾ [سورة آل عمران: ১১০].
অর্থাৎ: “তোমরা হচ্ছো সর্বোত্তম জাতি, সমগ্র মানবজাতির কল্যাণের জন্যেই তোমাদেরকে বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো: তোমরা মানুষকে সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে” (সূরা আলে-ইমরান: ১১০) ।
উল্লেখ্য যে, ‘সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ’ এর ক্ষেত্রে দু’টি বিষয় লক্ষনীয়:
(ক) ‘সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ’ এর ক্ষেত্রে ব্যক্তিকে ন্যায়পরায়ণকারী হওয়া শর্ত নয়, বরং এ দায়িত্ব ব্যাপকভাবে সবার জন্য প্রযোজ্য হবে।
(খ) মানুষ তার জ্ঞানগত ও সামাজিক সক্ষমতা অনুযায়ী সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ করবে। যার প্রশাসনিক ক্ষমতা আছে, সে তা ব্যবহার করে এ কাজের আঞ্জাম দিবে। যার প্রশাসনিক ক্ষমতা নেই, কিন্তু মুখ দিয়ে দাওয়াত দিয়ে টিকে থাকার মতো সক্ষমতা রয়েছে, সে আলোচনা সভা, সেমিনার, কনফারেন্স ইত্যাদির মাধ্যমে এ মহৎকাজের আঞ্জাম দিবে। আর যার উপরের দুইটির কোনটার সক্ষমতা নেই, সে মনে মনে ঘৃণা করবে এবং পরিবর্তনের জন্য পরিকল্পনা করবে। আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ” (صحيح مسلم: ১৮৬).
অর্থাৎ: “তোমাদের কেউ খারাব কাজ সংগঠিত হতে দেখলে সে যেন তা তার হাত দিয়ে প্রতিহত করে; যদি হাত দিয়ে প্রতিহত করতে সক্ষম না হয়, তাহলে যেন নসীহত করার মাধ্যমে তা প্রতিহত করে; যদি নসিহত করার মতো পরিস্থিতি না থাকে, তাহলে তা অন্তরে ঘৃণা করে পরিবর্তনের পরিকল্পনা করবে। তৃতীয় নাম্বারটি হলো ঈমানের দুর্বল স্তর”। (সহীহ মুসলিম: ১৮৬) । ওয়হাবা আল-জুহাইলী তার তাফসীর গ্রন্থে বলেন: এ হাদীসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন: কোন অপরাধ সংগঠিত হতে দেখলে প্রশাসনিক ব্যক্তিবর্গ হাত দিয়ে প্রতিহত করবে, ওলামায়ে কেরাম প্রতিহত করবে নসিহত করার মাধ্যমে এবং সাধারণ দুর্বল মানুষ তা অন্তর থেকে ঘৃণা করবে। (তাফসীর আল-মুনীর: ৩/১৮৬) ।

৬। বর্তমান প্রেক্ষাপটে উল্লেখিত আয়াতদ্বয়ের মৌলিক শিক্ষা হলো: যারা নবী-রাসূল এবং ওলামায়ে কেরামকে গালমন্দ ও হত্যা করে, তাদের জন্য ভয়াবহ তিন প্রকার শাস্তি অবধারিত রেখেছেন। এজন্য আমাদেরকে খুব বেশী সতর্ক হওয়া প্রয়োজন, আমরা যেন নি¤েœর যে কোন একটি দলের অন্তর্ভূক্ত না হই।
(ক) মুসলিম নামধারী নাস্তিক, যারা সর্বদা নবী-রাসূল ও বর্তমান সময়ের অহীর ধারকবাহক ওলামায়ে কেরামের পিছনে লেগে থাকে। একটু সুযোগ পেলেই তাদেরকে ঘায়েল করতে আর বিলম্ব করে না।
(খ) কিছু মডার্ণ মুসলিম, যারা আলেমদের আচার-আচরণ ও চালচলনকে বর্তমান সময়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে করার কারণে তাদেরকে নিয়ে উপহাস করে থাকে।
(গ) ইসলাম বিদ্বেষী একটি বিশাল অংশ, যারা সর্বদা রাসূলুল্লাহ (সা.) এবং আলেম-ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করতে সোচ্চার থাকে। (আল্লাহই ভালো জানেন) ।

আয়াতদ্বয়ের আমল:
(ক) নবী-রাসূলদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং ওলামায়ে কেরামকে যথাযোগ্য সম্মান ও তাদের সাথে ভালো আচরণ করা।
(খ) সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ করা।

error: Content is protected !!